
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 18 September 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: একদিকে হুগলিতে বন্যা পরিস্থিতি। অন্যদিকে বুধবার ফের জল ছাড়ে ডিভিসি। এই নিয়ে ডিভিসিকে সরাসরি আক্রমণ করতে পিছপা হনি রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পুরশুড়ায় পৌঁছান তিনি। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ডিভিসির দিকে আঙুল তোলেন। কটাক্ষের তির ছুড়ে দেন কেন্দ্রের দিকেও। প্রশ্ন তোলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। পাল্টা ময়দানে নামেন স্থানীয় বিজেপি বিধায়ক বিমান ঘোষ।
আবহাওয়ার পরিবর্তনের জেরে রাজ্যে লাগাতার বৃষ্টি হয়েছে শেষ কয়েকদিনে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির সঙ্গে সঙ্গেই এই পরিস্থিতি তৈরি হওয়ার অন্য আরেকটি কারণ ডিভিসির জল ছাড়া। প্লাবিত হাওড়া, হুগলি, বীরভূমের বিস্তীর্ণ এলাকা।
বুধবার কৃষি বিপননমন্ত্রী বেচারাম মান্না সরাসরি ডিভিসিকে আক্রমণ করে বলেন, 'এবারের পরিস্থিতি ১৯৭৮ সালের বন্যাকেও ছাপিয়ে যেতে পারে। এখনও পর্যন্ত হুগলির ৭টি ব্লক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। গোঘাট, খানাকুল, আরামবাগ, পুরশুড়া, তারকেশ্বর, জাঙ্গিপাড়া প্রায় জলের তলায়।'
মন্ত্রীর মতে, 'ডিভিসি দাবি করছে ২ লক্ষ ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে কিন্তু আমার ধারণা সাড়ে ৩ লক্ষ-৪লক্ষ কিউসেক জল ছেড়েছে তারা। যার ফলে আজ প্লাবিত বিস্তীর্ন এলাকা। হুগলির ৩৫টি গ্ৰাম পঞ্চায়েত এলাকা জলে ডুবে ফলে ৫ লক্ষ মানুষ বানভাসী। এখনও তারা জল ছেড়ে চলেছে।
পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করেছে সরকার। মন্ত্রী জানান, এপর্যন্ত ৭৩টি ত্রান শিবির খোলা হয়েছে, ৭ হাজার মানুষকে শিবিরে সরিয়ে আনা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায়।
অন্যদিকে, আজ মুখ্যমন্ত্রীর সফরকে কটাক্ষ করেছে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী পুরশুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু এতে লাভ কী? পরিস্থিতি একই থাকবে। আমরা সবসময় এখানকার মানুষের পাশে থেকে কাজ করি, এই বন্যা পরিস্থিতিতে আমরা সবসময় নদীর পাড়েই আছি। কিন্তু ওঁদের কোন কার্যকর্তা এখানে আছে? কোনও বাঁধ সংস্কার হয়নি, ওঁর দলের নেতারাই সেচ দফতরের বিরুদ্ধে অভিযোগ করছে। পরিকাঠামো নেই, শুধু এসে মুখ দেখিয়ে কী লাভ?'
বিমান ঘোষের কথায় উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও। তিনি মনে করিয়ে দেন, লোকসভার আগে তৃণমূল নেতারা মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন কিন্তু তা প্রতিবারের মতো প্রতিশ্রুতি হিসেবেই থেকে গিয়েছে। তাঁর দাবি, 'সবই লোক দেখানো'।
বিমান ঘোষের পাল্টা বেচারাম মান্না বলেন, 'বিজেপি মানুষকে নিয়ে রাজনীতি করে। এখন ওরা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে , যা নিয়ে রাজনীতি করা যায়। ভোটের আগে তো নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। আমাদের নেত্রীও ভোটের সময় এসেছিলেন। কিন্তু বন্যায় আমাদের নেত্রী এলেন, ওরা নরেন্দ্র মোদীকে বলুক এখানে এত বন্যা হয়েছে একবার আসতে। অসম-সহ অন্য রাজ্যে বন্যা হলে কেন্দ্র অনুদান দেয় আর এই রাজ্যে বন্যা হলে কাঁচকলা দেখায়। তাই ওদের মুখে এসব বড় বড় কথা মানায় না।'
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বেচারামের পাল্টা দাবি, 'এখানকার মানুষ বিজেপিকে উজার করে ভোট দিয়ে জিতিয়েছে। তাই তাদের উচিত নরেন্দ্র মোদীর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আনা ও বাঁধগুলো সংস্কার করা।'