
শেষ আপডেট: 12 February 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালির অশান্তিতে অভিযুক্ত ৩ গ্রামবাসী সহ উত্তম সর্দার ও বিকাশ সিংকেও জামিন দিল আদালত।। সোমবার ধৃতদের আদালতে তোলা হয়েছিল। শুনানির সময়ে কেস ডায়রি দেখাতে পারেনি পুলিশ। ফলে বসিরহাট আদালত অভিযুক্তদের দু'হাজার টাকা করে বন্ডে জামিন দেয়। জানা গিয়েছে, শিবু হাজরা ওরফে শিবপ্রসাদের অভিযোগে এই ৩ গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছিল।
আদালত সূত্রে খবর, সোমবার তিন হেভিওয়েট অভিযুক্তকে প্রথমে আদালতে তোলা হয়। এরপরে অভিযুক্ত গ্রামবাসীদের তোলা হয়েছিল। বিচারক পুলিশের কাছে কেস ডায়রি চাইলে সেটা দেখাতে পারেনি। পরে আদালত পুলিশকে একঘণ্টা সময় বেঁধে দেয়। কিন্তু সেই সময়ের মধ্যে কেস ডায়রি পেশ করতে পারেনি পুলিশ। এরপরেই সন্দেশখালির অশান্তিতে অভিযুক্ত উত্তম সর্দার ও বিকাশ সিং সহ সঞ্জয় মণ্ডল, প্রদীপ দাস, সৈকত মণ্ডল নামে তিন গ্রামবাসীকে জামিন দেয় আদালত। এদিন সকালে ধৃত সিপিএম নেতা নিরাপদ সর্দারকেও আদালতে তোলা হয়েছিল।
ধৃত বিজেপি নেতা বিজয় সিং ও উত্তম সর্দারকে রবিবার আদালতে তোলা হলে পুলিশ সেদিনও তাঁদের বিরুদ্ধে কেস ডায়রি দেখাতে পারেনি। ফলে তাঁদের পরে ১ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
সন্দেশখালি কাণ্ড নিয়ে সোমবার সন্ধেয় একটি সাংবাদিক বৈঠক করেছে পুলিশ। সেখানে তারা জানায়, মহিলা নির্যাতনের কোনও অভিযোগ তাঁদের কাছে আসেনি। তাঁদের কাছে লিখিত অভিযোগ যা এসেছে তাতে ধর্ষণের কোনও উল্লেখ নেই।
পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মাত্র ৪টি লিখিত অভিযোগ পেয়েছেন তাঁরা। আরও লিখিত অভিযোগ এলে অবশ্যই তদন্ত করা হবে। ইতিমধ্যে একজন এসপি র্যাঙ্কের মহিলা অফিসার পাড়ায় পাড়ায় ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করতে পেরেছেন বলেও জানিয়েছে পুলিশ।
এলাকার মহিলাদের অভিযোগ শুনতে রাজ্য সরকার ১০ সদস্যের টিম তৈরি করেছে। এই টিমের নেতৃত্বে থাকবেন ডিআইজি র্যাঙ্কের একজন মহিলা অফিসার। মঙ্গলবার থেকেই পাড়ায় পাড়ায় গিয়ে তাঁরা অভিযোগ শুনবেন। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে বলে এলাকাবাসীর উদ্দেশে বার্তা দিয়েছে পুলিশ।