
শেষ আপডেট: 5 July 2022 13:46
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্প নিয়ে বিতর্কের মাঝেই ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) তরফে ঘোষণা করা হল, প্রথম দফায় নিযুক্ত মোট অগ্নিবীরদের মধ্যে ২০ শতাংশ হবেন মহিলা। নিয়ম ভেঙে নাবিক (Sailor) সহ অন্যান্য পদেও দেখা যাবে মহিলাদের।
কেন্দ্রীয় সরকারের ঘোষিত অগ্নিপথ প্রকল্পকে ঘিরে প্রাথমিকভাবে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও প্রকল্পের জন্য নাম নথিভুক্তির ক্ষেত্রে দেখা গেল অন্য ছবি। এই মাসের ১ তারিখ থেকেই ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীরদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই সেখানে ২ লক্ষ ৭০ হাজার নাম নথিভুক্ত হয়েছে, যার মধ্যে মহিলা আবেদনকারীর সংখ্যা ১০ হাজারেরও বেশি।
নাম নথিভুক্ত হওয়ার পর আগামী ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, লিঙ্গ নিরপেক্ষভাবেই অগ্নিবীরদের নিয়োগ করা হবে। প্রথা ভেঙে নাবিক পদেও নিযুক্ত করা হবে মহিলাদের। শুধু নাবিকই নয়, নৌসেনার অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও থাকবেন মহিলারা।
গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। জানানো হয়, নয়া প্রকল্পের অধীনে ১৭ থেকে ২১ বছর বয়সি তরুণ-তরুণীদের ৪ বছরের চুক্তিতে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হবে। ৪ বছর পর ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ীভাবে প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে বহাল করা হবে।
এর পরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ। দেশ জুড়ে একাধিক রাজ্যে শুরু হয় পথ অবরোধ, ঘটে একাধিক হিংসার ঘটনা। চাপের মুখে শুধু ২০২২ সালের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ বছর করা হয়। অগ্নিবীরদের বিভিন্ন সরকারি পুলিশবাহিনী এবং কর্পোরেটে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করে সরকার।
তবে বিক্ষোভের মাঝেও নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই জমেছে আবেদনের পাহাড়। এর আগে বায়ুসেনার নিয়োগের সময় প্রায় ৩ লক্ষ আবেদন জমা পড়েছিল। এবার একই ছবি দেখা গেল নৌসেনার ক্ষেত্রেও।
রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী অস্ত্রে ‘অপারেশন লোটাস’, বিজেপির কৌশলে ঘুম ছুটেছে বিরোধীদের