
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 January 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মালদহে তৃণমূল নেতা খুনের ঘটনায় ২৪ ঘণ্টা পর এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তবে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির শেখ এখনও ফেরার।
তার খোঁজে তল্লাশি চালাতে ইতিমধ্যে মালদহের আমবাগানে স্নিফার ডগ নামিয়েছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে ড্রোন ক্যামেরার সাহায্যেও।
পুলিশ সূত্রের খবর, ধৃতর নাম শেখ হামজা। মঙ্গলবারই সন্দেহভাজন সন্দেহে ধৃতকে আটক করেছিল পুলিশ। দীর্ঘ জেরার পর এদিন বিকেলে তাকে গ্রেফতার করা হয়। ধৃত হামজা তৃণমূল নেতা জাকির শেখের অনুগামী হিসেবে পরিচিত।
মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন তৃণমূল নেতা বকুল শেখ। সেখানেই প্রথমে গুলি, তারপরে হাঁসুয়া দিয়ে উপর্যুপুরি কোপ এবং সব শেষে পাথর জাতীয় ভারী বস্ততে করে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে আততায়ীরা!
রীতিমতো লোকালয়ের মধ্যে প্রকাশ্যে দিবালোকে এভাবে শিকার'কে ঘিরে ধরে সময় নিয়ে খুন, খুনের ভিডিও রেকর্ডিং করা এবং সব শেষে হেলে দুলে পায়ে হেঁটে এলাকা থেকে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে বিরোধীরা নয়, ঘটনার নেপথ্যে দলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি করেছিলেন মালদহের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। একই সঙ্গে এসপির ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছিলেন শাসকদলের বিধায়ক।
বস্তুত, এর ১২ দিন আগে মালদহের ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করেছিল আততায়ীরা। পর পর খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। এরপরই তদন্তে নেমে এলাকায় তল্লাশি চালিয়ে জাকির শেখের এক অনুগামীকে আটক করেছিল পুলিশ। এদিন তাকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। পুলিশের দাবি, জোরদার তল্লাশি চালানো হচ্ছে। শীঘ্রই বাকি অভিযুক্তরাও ধরা পড়বে।