
গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 4 April 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: রামনবমী (Ramnavami 2025) নিয়ে রাজনৈতিক তরজা হবে, এটাই স্বাভাবিক হয়ে গেছে। আগামী রবিবার এই উৎসবের আগে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খোঁচা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁকে একা নয়, রামনবমী নিয়ে বিজেপি যে শুধুমাত্র রাজনীতি করছে, এমন অভিযোগও ফের করেন তিনি।
রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর পোস্টার, ব্যানার পড়েছে। অনেক জায়গায় তাতে রয়েছে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও। ফিরহাদের অভিযোগ, নিজেদের রাজনৈতিক প্রচারের জন্য রাম এবং রামনবমীকে ব্যবহার করছে বিজেপি। তাঁর প্রশ্ন, 'বিরোধী দলনেতা এবং মোদীর প্রচারের জন্য রামের ছবি কেন লাগছে? রাম তাঁর প্রচারের জন্য নিজেই যথেষ্ট।'
রামনবমী নিয়ে সাম্প্রতিক সময়ে বিজেপি যে তৎপরতা দেখিয়েছে তাকেও কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'রামনবমী নতুন নয়। কয়েকশো বছর ধরে চলছে, এবং চলবেও। এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয়। ভগবান রামের প্রতি আস্থা রেখে সকলে এই উৎসব পালন করেন। রাম তো সবার। শুধু শুভেন্দুরও না, আবার ববি হাকিমেরও নয়।'
বিজেপির বিরুদ্ধে ফের একবার ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে ফিরহাদ এও বলেছেন, যখন রাজশক্তি পেটে ভাত, হাতে কাজ দিতে পারে না, তখন ধর্ম দেখিয়ে বেড়ায়। আগে জমিদাররা বা অত্যাচারী নবাব-রাজারা যা করত, আজ বিজেপি তাই করছে। দেশের মূল্যবৃদ্ধি যখন আকাশছোঁয়া, বেকারত্ব বেশি, মানুষ খেতে পাচ্ছে না, টাকার দাম কমে যাচ্ছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে, তখন ওরা ধর্ম ধর্ম করে চলেছে।
প্রসঙ্গত, রামনবমী নিয়ে অনেক আগে থেকে সতর্ক রাজ্য সরকার। কারণ অতীতে এই উৎসবের দিন রাজ্যে নানা জায়গায় অশান্তি হয়েছে। তাই এবার গত ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য। একই সঙ্গে, ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে।
গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্ন থেকে জানিয়েছিলেন, ইদ যেমন শান্তিপূর্ণভাবে কেটেছে, তিনি চান রামনবমী সহ বাকি উৎসবগুলিও শান্তিপূর্ণভাবে কাটুক। আর তার জন্য একদিকে যেমন রাজ্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন, অপরদিকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল বা সংগঠনগুলিকেও সংবেদনশীল হওয়ার অনুরোধ করেছেন।