
Seikh Shajahan and Firhad Hakim
শেষ আপডেট: 6 March 2024 20:09
দ্য ওয়াল ব্যুরো: বহু টানাপড়েন এবং আইনি জটের পর অবশেষে সন্দেশখালিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে সিবিআই তাঁদের হেফাজতে পেল। ইডি কর্মীদের উপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগে আদালতের নির্দেশে শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দিতে হল সিআইডিকে। কিন্তু এটাকে অন্যায় মনে করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, সিবিআই মানেই সব করে দেবে, আর বাংলার পুলিশ অপদার্থ, এটা হতে পারে না।
ইডির উপর হামলার ঘটনার পর দীর্ঘদিন ফেরার ছিলেন শাহজাহান। শেষে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করার পর পুলিশি হেফাজত হয় তার। যদিও ইডি প্রথম থেকে এর বিরোধিতা করেছিল। দাবি তোলা হচ্ছিল সিবিআই তদন্তের। কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই মামলার জল গড়ালে সেই নির্দেশই আসে। বুধবার সিবিআই হেফাজতে পেয়েছে শেখ শাহজাহানকে। গোটা প্রক্রিয়া নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন, ''কেন হাইকোর্ট বারবার সিবিআইকে স্পুন ফিডিং করাবে? কেন বাংলার পুলিশকে চার্জশিট করতে দেওয়া হবে না?'' ফিরহাদের কথায়, ''এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছিল না। এখন পাওয়া যেতে তদন্ত করতে দেওয়া হচ্ছে না, চার্জশিট করতে দেওয়া হচ্ছে না। তাকে সিবিআইয়ের হাত তুলে দেওয়া হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। বাংলার প্রতি বিচারব্যবস্থাই অন্যায় করছে।'' যদিও ফিরহাদ এও বলছেন, শাহজাহানকে বাঁচানোর কোনও প্রশ্ন নেই, তাঁরাও তার শাস্তি চান। কিন্তু রাজ্য পুলিশের অধিকার যেভাবে কাড়া হচ্ছে, সেটা ঠিক নয়।
তৃণমূলে এর আগেও সিবিআই নিয়ে কম অভিযোগ করেনি। তাঁরা দাবি করেছে, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে তাঁরা কাজ করে। গোয়েন্দা সংস্থা পক্ষপাতদুষ্ট বলেও আক্রমণ করা হয়। বুধবার সেই প্রসঙ্গ তুলেই ফিরহাদ আক্রমণ, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল এখনও খুঁজে পায়নি সিবিআই। কোন তদন্ত তাঁরা ঠিক করে করেছে সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।