
আবাসনের বাইরে দাঁড়িয়ে আতঙ্কিত বাসিন্দারা
শেষ আপডেট: 23 April 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বহুতলে ছড়িয়ে ছিল বৈদ্যুতিক তারের জাল। মঙ্গলবার দুপুরে সেখানেই অগ্নিকাণ্ড! কোনও ক্রমে প্রাণে বাঁচলেন আবাসিকরা। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর হাওড়ার ভৈরব দত্ত লেনে কৌশল্যা অ্যাপার্টমেন্টে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অ্যাপার্টমেন্টের মিটার ঘর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখেছিলেন তাঁরা। এরপরই আগুন ধরে যায়। বহুতলে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বিদ্যুতের তারগুলি জ্বলতে শুরু করে।
প্রথম তলের দুটি ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় ফ্ল্যাট দুটির অধিকাংশ সামগ্রী। নীচে পার্কিংয়ে থাকা কয়েকটি বাইকও পুড়ে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন আবাসনের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ও গোলাবাড়ি থানার পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দা ও দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এখন প্রশ্ন উঠেছে আবাসনের সুরক্ষা নিয়ে। কারণ মূল গেট দিয়ে ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে বিপজ্জনকভাবে ছড়িয়ে রয়েছে অসংখ্য বিদ্যুতের তার।
ওই অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা রবীন সরকার বলেন, "এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারত। মালিককে বারবার জানালেও রক্ষণাবেক্ষণ হয় না।" এদিকে আবাসনের মালিকের দাবি নিয়ম বহির্ভূতভাবে কেউ তার নিয়ে গেলে, সেটার দায় তাঁর নয়।
এলাকার এক বাসিন্দার অভিযোগ, এর আগেও ওই আবাসনে আগুন লেগেছিল। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। হাওড়ার দমকল আধিকারিক সোমনাথ প্রামানিক জানান, ফ্ল্যাটের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে, যে তাঁরা যেন আগামীদিনে সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বিদ্যুতের তার ব্যবহার করেন।