
শেষ আপডেট: 28 February 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে বন্ধ মুদির দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। পাশাপাশি একাধিক দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার শানপুকুর বাজারে।
শানপুকুর বাজারে সবথেকে বড় মুদিখানার দোকান জাহাঙ্গির মোল্লার। বুধবার সকালে দোকান খোলেননি তিনি। কলকাতায় পাইকারি বাজারে দোকানের জিনিস আনতে গিয়েছিলেন। হঠাৎই বন্ধ দোকান থেকে দাউদাউ করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত দমকলে খবর দেন তাঁরা। খবর দেওয়া হয় উত্তর কাশিপুর থানাতেও। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। চলে আসে দমকলের একটি ইঞ্জিনও। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে।
তবে প্রায় ৩০ লক্ষ টাকার জিনিস আগুনে পুড়ে গেছে বলে দাবি বাসিন্দাদের। কীভাবে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। দমকলের অনুমান, শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে। বাজারের মধ্যে দোকানে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আশেপাশে একাধিক দোকান থাকায় আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা। সময়ে আগুন না নিভলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান তাঁরা। আগুন নিভে যাওয়ার পর তিনতলা এই দোকানটিতে দীর্ঘক্ষণ কুলিংয়ের কাজ চালান দমকল কর্মীরা।