
শেষ আপডেট: 1 January 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো, হুগলি : বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর আগুন শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে। খবর পেয়ে সেখানে প্রথমে দমকলের চারটে ইঞ্জিন যায়। কিন্তু জলের অভাব থাকায় সমস্যা তৈরি হয়। তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দমকলের আরও ছটা ইঞ্জিন সেখানে যায়। তবুও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
জানা গিয়েছে, সেখানে হান্ড্রেড ইউনিটে আগুন লেগেছে। ওই ইউনিটে পাট থেকে সুতো তৈরি হয়। শ্রমিকরা জানিয়েছে, প্রথমে একটি মেশিনে আগুন লেগেছিল। পরে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। সেসময় বহু শ্রমিক সেখানে কাজ করছিলেন। আগুন লাগতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কোনওরকমে সকলেই বাইরে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, জলের অভাবের জন্য আগুন নেভাতে দেরি হচ্ছে। এছাড়া দাহ্যবস্তু থাকায় কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিমত, যে ভাবে আগুন ছড়িয়ে পড়েছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত হয়ে যেতে পারে।