
Mousuni Island FIre
শেষ আপডেট: 19 September 2024 13:20
দ্য ওয়াল ব্যুরো: মৌসুনি দ্বীপের রিসর্টে পরপর ফাটল গ্যাস সিলিন্ডার! পুজোর মুখে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কটেজ। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে রিসর্টের একটি কটেজে আচমকাই আগুন লাগে। স্থানীয়দের মতে, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কটা সিলিন্ডার ফেটে দুর্ঘটনা তা স্পষ্ট নয়। এদিন সকালে বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে দৌড়ে যান স্থানীয়রা। পরে তাঁরাই আগুন নেভানোর কাজে শুরু করেন। কটেজের একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।
দুর্ঘটনার পরপরই দমকলে খবর দেওয়া হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থেলে এসে পৌঁছয় ফ্রেজারগঞ্জ থানার পুলিশও। পুলিশের প্রাথমিক অনুমান, ওই রিসর্টের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনা।
কটেজের ম্যানেজার সুরজিৎ দাস জানান, এদিন কটেজে কোনও পর্যটক ছিলেন না। মূলত, সিলিন্ডার ফেটে কটেজের কিচেন, স্টোর রুম এবং ডাইনিং রুমে আগুন ছড়িয়ে পড়ে। চারটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত মৌসুনি দ্বীপ ভ্রমণপিপাসুদের কাছে একেবারেই অপরিচিত নয়। সপ্তাহ শেষে তো বটেই, ছুটির দিনগুলিতে পর্যটকরা রীতিমতো ভিড় জমান এখানে। নিরবিলিতে সমুদ্র দর্শনের পাশাপাশি সেখানে বর্তমানে রয়েছে একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও। কিন্তু বৃহস্পতিবার সকালে আচমকা এমন কাণ্ডে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মৌসুনি দ্বীপে পর্যটন ব্যবসা নিয়ে অভিযোগ অনেক দিনেরই। সমুদ্র-লাগোয়া রিসর্টগুলি পরিবেশ দূষিত করছে বলে দাবি পরিবেশপ্রেমীদের। স্থানীয়দেরও একাংশের অভিযোগ, উপকূল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক হোটেল, রিসর্ট। এমনকি মৌসুনি দ্বীপের বেশ কিছু হোটেল-রিসর্ট নিয়ে হাইকোর্টে মামলাও হয়। কিন্তু তাতেও থামেনি লাগামছাড়া হোটেল-ব্যবসা। শেষে গুনতে হল অগ্নিকাণ্ডের মাসুল।