
শেষ আপডেট: 10 June 2023 06:11
দ্য ওয়াল ব্যুরো: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ কেটেছে। এখনও আতঙ্ক ছড়িয়ে এলাকায়। রেল লাইন মেরামত করার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। যদিও বাহানাগা বাজার স্টেশন পার হওয়ার সময় স্বভাবতই কমে যাচ্ছে ট্রেনের গতি। এমন পরিস্থিতির মধ্যে শনিবার ফের নতুন করে আতঙ্ক ছড়াল বালেশ্বরে। এবার রূপসা স্টেশনে একটি মালগাড়িতে আগুন লাগার খবর মিলল!
বালেশ্বরে রেল দুর্ঘটনার ভয়াবহতার স্মৃতি এখনও টাটকা। প্রায় ২৯০ জন মানুষের মৃত্যু ঘটেছিল এই দুর্ঘটনা। হাজারের বেশি মানুষ ওড়িশা ও বাংলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারমধ্যেই ফের বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ল রেল।
সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই রূপসা স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। শনিবার সকালে আচমকাই নজরে আসে ওই মালগাড়ির কামরা থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। সেই সময় স্টেশনে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
খবর দেওয়া হয় রেলকর্মীদের। দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। আসেন দমকলকর্মীরা। জানা গেছে, ওই মালগাড়িতে কয়লা বোঝাই ছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কী কারণে, আগুন লাগল তা এখনও জানা যায়নি।
গত এক সপ্তাহ ধরে রেল যাত্রা মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠেছে। পাড়ার চায়ের দোকানে, কিংবা পারিবারিক আড্ডায় বারবার উঠে আসছে রেল দুর্ঘটনার নানা গল্প। সপ্তাহজুড়ে বেশ কয়েকটি রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। কখনও মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছে, কখনও আবার এক্সপ্রেস ট্রেনে এসি কামরায় আগুন লাগার ঘটনা।
'বিপর্যয়' আরও শক্তিশালী, উত্তাল সমুদ্র, দেশের তিন রাজ্যে জারি সতর্কতা