
শেষ আপডেট: 30 July 2022 06:28
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল শহরে অগ্নিকাণ্ড (Fire)। পুড়ে ছাই কাঠের গুদাম। নিমতলার ঘিঞ্জি এলাকায় কাঠের গুদামে শনিবার সকালে আগুন লেগে যায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।
জানা গেছে, শনিবার সকাল ১০টা নাগাদ নিমতলার (Nimtala) মহর্ষি দেবেন্দ্র রোডে একটি কাঠের গুদামে হঠাৎ আগুন লেগে যায়। এলাকা ঘিঞ্জি, তার উপর দাহ্য পদার্থও সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় চারদিকে। আরও কয়েকটি গুদামে আগুন ধরে যায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক শশী পাঁজা। গুদামে যাঁরা ছিলেন সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জোড়াবাগান থানার পুলিশ মাইকেও সতর্কতা মূলক প্রচার চালিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সূত্রের খবর, ওই কাঠের গুদামে অনেক শ্রমিক থাকতেন। রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লেগে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল।
আরও পড়ুন: অভিষেকবাবু কথা শুনুন, ক্যামাক স্ট্রিটে চাকরি প্রার্থীদের ধর্নায় ক্রমশই ভিড় বাড়ছে