
কালিম্পংয়ে আগুন - ফাইল ছবি
শেষ আপডেট: 28 December 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: কালিম্পংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে আচমকা আগুন লাগে ডেলোর কাছে এগারো মাইল এলাকায়। বেশ কয়েকটি দোকান এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪টি দোকানের পাশাপাশি ২টি বাড়িতে আগুন ধরে যায়। কিন্তু কী কারণে এই আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে পাহাড়ি এলাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলের আধিকারিকরা। তাই স্বাভাবিকভাবে এলাকাবাসীর আতঙ্ক বেড়েছে।
শনিবারই আবার কলকাতার টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ের একটি বহুতলের পাঁচতলায় আচমকা আগুন লেগে যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলার সংশ্লিষ্ট ফ্ল্যাটে কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। পুড়ে গিয়েছে ঘরের সমস্ত আসবাব।
তপসিয়া ও নিউ আলিপুরের ঝুপড়িতে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। নিউ আলিপুরের অগ্নিসংযোগ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে দীর্ঘক্ষণ শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। যান চলাচল বন্ধ করে দিতে হয় দুর্গাপুর ব্রিজেও।