
শেষ আপডেট: 13 August 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ইন্দোরের পুলিশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা ভদ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে (FIR lodged against Priyanka Gandhi)। একই এফআইআরে নাম আছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের।
ইন্দোর পুলিশের বক্তব্য, কংগ্রেস নেত্রী সোশ্যাল মিডিয়া ‘এক্স’ (আগের টুইটার)-এ একটি পোস্টে দাবি করেছেন, মধ্যপ্রদেশে সরকারি প্রকল্পে কাজ পেতে ৫০ শতাংশ অর্থ কমিশন বাবদ গুণতে হচ্ছে ঠিকাদারদের। ঠিকাদার সংস্থা এই ব্যাপারে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে। প্রিয়ঙ্কার ওই পোস্ট শেয়ার করেন কমলনাথ এবং অরুণও।
প্রিয়ঙ্কা তাঁর পোস্টে লিখেছিলেন, ‘কর্নাটকের দুর্নীতিবাজ বিজেপি সরকার ৪০ শতাংশ কমিশন সংগ্রহ করত। মধ্যপ্রদেশে বিজেপি নিজের দুর্নীতির রেকর্ড ভেঙে এগিয়ে গেছে। কর্ণাটকের জনগণ ৪০ শতাংশ কমিশন নেওয়া সরকারকে উচ্ছেদ করেছে। এবার মধ্যপ্রদেশের জনগণই ৫০ শতাংশ কমিশন নেওয়া সরকারকে সরিয়ে দেবে।’
প্রসঙ্গত, কর্নাটকের পর প্রিয়ঙ্কা মধ্যপ্রদেশে দলকে ক্ষমতায় ফেরাতে বেশি সময় ব্যয় করছেন। প্রিয়ঙ্কাকে সামনে রেখে কংগ্রেস ইতিমধ্যে নভেম্বরের বিধানসভা ভোটকে সামনে রেখে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। কর্নাটকের জয়ে প্রিয়ঙ্কা ও রাহুলের প্রচার আলাদা করে সারা ফেলে বলে কংগ্রেস নেতারা এক বাক্যে মানেন। গান্ধী পরিবারের কাছের মানুষ কমলনাথ নিজের রাজ্যে দলকে ক্ষমতায় ফেরাতে প্রিয়ঙ্কাকে সামনে রেখে এগোচ্ছেন। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি সরকার সেই কারণেই কংগ্রেস নেত্রীর ব্যাপারে বেশি আক্রমণাত্মক। বিজেপির ইন্দোরের এক নেতা প্রিয়ঙ্কা, কমলনাথদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন: শাহের নিশানায় ‘ইন্ডিয়া’, ১২ লাখ কোটির দুর্নীতিতে যুক্ত জোটের নেতারা