
লাভলি মৈত্র
শেষ আপডেট: 3 September 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের হল। পাশাপাশি তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য দলও তাঁকে সতর্ক করেছে। বদল নয়, বদলা হবে বলে মন্তব্য করেছিলেন লাভলি। একই সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করেন তিনি। সেই প্রেক্ষিতেই লাভলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সায়ন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সেখান থেকেই তিনি বিরোধীদের উদ্দেশে 'বদলা নেওয়ার' হুঁশিয়ারি দেন। সেই নিয়েই বিতর্ক। তাই তৃণমূল কংগ্রেস দলের তরফে তাঁকে সতর্ক করা হয়েছে। এমন ধরনের মন্তব্য যে বরদাস্ত করা হবে না তা দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
এদিকে সোনারপুর থানায় লাভলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে লাভলির মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে সেভাবে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সুজন চক্রবর্তী। তাঁর কথায়, অল্প বয়স তাই বোধবুদ্ধি কম। এসব মন্তব্যের কোনও কাউন্টার করবেন না তিনি। লাভলির পাশাপাশি অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্য নিয়েও শোরগোল শুরু হয়েছিল। তবে তিনি পরে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান।
আরজি করের ঘটনায় কুকথা না বলার জন্য সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, "গতকাল একটি মন্তব্য করি, যার জন্য সমালোচিত হই। আমি যা বলেছি, তার জন্য লজ্জিত এবং দুঃখিত। আমি কোনও সাফাই গাওয়ার জন্য বলছি না। মাথা পেতে ভুল স্বীকার করছি।" তবে লাভলি মৈত্র এখনও পর্যন্ত নিজের মন্তব্য নিয়ে আর কোনও প্রতিক্রিয়া দেননি।