
শেষ আপডেট: 18 November 2022 09:05
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার নেতা বন্দনা ডোংরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন আজ (FIR against Rahul Gandhi)। থানেতে এই অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, কংগ্রেস (Congress) নেতা ভি ডি সাভারকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। তাঁর কথায় মহারাষ্ট্রবাসী মানসিক আঘাত পেয়েছে। নাগরিক অনুভূতিকে মর্যাদা দিতে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ।
হিন্দুত্ববাদী মতাদর্শী প্রয়াত সাভারকারের (Savarkar) নাতি রঞ্জিত সাভারকর বৃহস্পতিবারই মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বলেছেন, সাভারকারের স্মৃতির প্রতি চরম অসম্মান করেছেন রাহুল।
দুই জায়গাতেই ভারতীয় দণ্ডবিধির ৫০০ (মানহানি) এবং ৫০২ ( জ্ঞানত মানহানি) ধারায় মামলা করা হয়েছে। রাহুলের মন্তব্য ঘিরে গতকাল থেকে মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় চলছে। প্রবল চাপের মুখে পড়েছে কংগ্রেস। তোলপাড় শুরু হয়েছে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতৃত্বাধীন কংগ্রেস, এনসিপি জোটে। বিজেপি ও শিবসেনার শিন্ডে গোষ্ঠীর সমালোচনার ঝড়ের মুখে পড়েছে। বিতর্ক এড়াতে উদ্ধব বিবৃতি দিয়ে রাহুলের বক্তব্য আগেই খণ্ডন করেছেন।
রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো যাত্রার অভিযাত্রীদের নিয়ে এখন মহারাষ্ট্রে রয়েছেন। বৃহস্পতিবার আকোলা জেলার ওয়াদেগাঁওতে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছিলেন, সাভারকর ব্রিটিশ শাসকদের সাহায্য করেছিলেন এবং ভয়ে তাদের কাছে একটি লিখিতভাবে ক্ষমা প্রদর্শন করার আবেদন জানিয়েছিলেন। এই ভাবে তিনি মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বিশ্বাসভঙ্গ করেন দেশবাসীর।
দু'দিন আগে ওয়াশিম জেলায় থাকার সময়ও সাভারকারকে নিয়ে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সরব হন। যেখানে এক সমাবেশে তিনি সাভারকরকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আত্মা বলে মন্তব্য করেন।কংগ্রেস নেতা বলেন, সাভারকার আন্দামানে দুই-তিন বছরের জন্য জেলে ছিলেন। সেখান থেকে তিনি ব্রিটিশ সরকারের উদ্দেশে লিখিত ক্ষমা চান।
গান্ধী ইতিমধ্যেই থানে জেলায় আর একটি মানহানির মামলায় ফেঁসে আছেন। ২০১৪ সালে, একজন আরএসএস কর্মী থানের ভিওয়ান্ডি শহরে রাহুলের বিরুদ্ধে মামলা করেন। যেখানে কংগ্রেস নেতা অভিযোগ করেছিলেন, মহাত্মা গান্ধীর হত্যার পিছনে হাত ছিল আরএসএসের।
শ্রদ্ধার দেহের পাজেল এখনও মেলেনি! কোথাও কোনও টুকরো পেলে রিপোর্ট করার নির্দেশ সব থানাকে