
শেষ আপডেট: 1 February 2023 09:51
দ্য ওয়াল ব্যুরো: তাঁর সরকারের স্লোগান হল ‘সবকা সাথ সবকা বিকাশ’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ ২০২৩-’২৪ আর্থিক বছরের বাজেট (budget) সম্পর্কে বলেন, অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমন সকলের মনোবাঞ্ছা পূরণের চেষ্টা করেছেন। সব ধরনের আর্থিক উদ্যোগকেও বাজেটে সমান সুবিধা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, অর্থমন্ত্রী একটি প্রগতিশীল বাজেট পেশ করেছেন।
আজ সংসদে নির্মলা বাজেট ভাষণ পাঠ করার সময় অন্য মন্ত্রী ও সদস্যদের মতো প্রধানমন্ত্রীও টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে বাহবা দিয়েছেন। পরে তিনি বলেন, ২০২৩-’২৪ অর্থ বছরে কেন্দ্রীয় বাজেটে দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক সহ সকলের জন্য সুখবর আছে। এজন্য অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
নির্মলাও আজ ভাষণের শুরুতেই ‘সবকা সাথ সবকা বিকাশ’-কে সরকারের মূল মন্ত্র বলে উল্লেখ করে বলেন, এই লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার অমৃতকালের এই বাজেট উন্নত ভারতের ভিত আরও মজবুত করবে।