মোদী প্লেনে বসে ফাইল ওয়ার্ক করছেন, তা নিয়েও ট্রোলের বন্যা
দ্য ওয়াল ব্যুরো: কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর গত পৌনে দু'বছরে এই প্রথম তাঁর এত দূরদেশ সফর। মাঝে একবা
শেষ আপডেট: 23 September 2021 01:38
দ্য ওয়াল ব্যুরো: কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর গত পৌনে দু'বছরে এই প্রথম তাঁর এত দূরদেশ সফর। মাঝে একবার শুধু বাংলাদেশ গিয়েছিলেন।
ঢাকা আর ওয়াশিংটন এক না। মার্কিন মুলুকে যেতে দীর্ঘ বিমানযাত্রা। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে বিমানের আসনে বসে ফাইলে কাজ করছেন মোদী। পাশের চেয়ারে রাখা একটা কালো ব্যাগ। তার উপরে রাখা ফাইলপত্র। সেই ছবি পোস্ট করে মোদীর অফিশিয়াল পেজ থেকে লেখা হয়েছে দীর্ঘ বিমানযাত্রা মানে ফাইল ওয়ার্কের সুযোগ!
যেই না ছবি পোস্ট ওমনি শুরু বিদ্রুপ!
কেউ লিখছেন, আর কী কী বেচে দেওয়া যায় তাই দেখছেন! একজন লিখেছেন, পাইলটকে ছবি তোলার কাজে না লাগিয়ে প্লেন চালাতে বলুন। একজন আবার লিখেছেন, কাগজের উপর এত আলো পড়েছ বোঝাই যাচ্ছে না কী! ছবি গ্রাহকের তারিফ করতে হয়। বাংলা, ইংরাজি, হিন্দি-- বিভিন্ন ভাষায় মোদীর কমেন্ট বক্সে ধেয়ে এসেছে বিদ্রুপ।

অনেকদিন পর এবার পাকিস্তানের আকাশ দিয়ে গেল মোদীর বিমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা, শীর্ষ সরকারি অফিসাররা সমেত উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল। যদিও ছবিতে মোদী আর ফাইল ছাড়া কিছু দেখা যাচ্ছে না।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে অতীতে অন্ততঃ তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। এবার অবস্থান বদলে প্রধানমন্ত্রীর বিমানকে তাদের আকাশপথে ঢুকতে দিল ইসলামাবাদ। মাঝে একবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান শ্রীলঙ্কা সফর করেছিলেন। তখন ভারতের আকাশ হয়ে গিয়েছিল ইমরানের বিমান। অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'