
শেষ আপডেট: 26 August 2023 12:54
দ্য ওয়াল ব্যুরো: কুড়ির শেষ থেকে বাইশের শুরু—ইসরোর প্রথম ‘ম্যানড মিশন‘ গগনযানের (Gaganyaan) মহাকাশ অভিযানের সময় ছিল এটাই। মানুষ নিয়ে মহাকাশে যাওয়ার আগে রোবট নিয়ে প্রথম ট্রায়াল সেরে ফেলতে চেয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু করোনা অতিমহামারী সব ওলটপালট করে দেয়। তবে চন্দ্রযান মিশন সফল হওয়ার পরে এখন ফের গগনযান নিয়ে উঠেপড়ে লেগেছেন ইসরোর বিজ্ঞানীরা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ইসরোর প্রথম মহিলা রোবট ব্যোমমিত্রকে (Vyommitra) নিয়ে মহাকাশে যাবে গগনযান। মানুষ নিয়ে মহাকাশে যাওয়ার আগে রোবট নিয়ে ট্রায়াল শুরু হবে।
‘হিউম্যানয়েড’ ব্যোমমিত্রকে (Vyommitra) নিয়ে গগনযান (Gaganyaan) আগে যাবে মহাকাশে। মাথা থেকে কোমর অবধি আছে এই রোবটের, দু’হাতও আছে, কিন্তু পা নেই। যে কোনও দিকে শরীর বাঁকাতে পারে সে, সব কাজ করতে পারে হাত দিয়ে, কথাও বলতে পারে আবার বুদ্ধি খাটিয়ে গবেষণাও করতে পারে। ইসরোর বিজ্ঞানীরা বলছেন, এই মহিলা-রোবট ব্যোমমিত্র একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মানুষের অনুকরণও করতে পারবে সে। ইসরোর গ্রাউন্ড স্টেশনে নভশ্চর ও মহাকাশবিজ্ঞানীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলবে এই মহিলা-রোবট। প্রতি মুহূর্তের খবর জানাবে নভশ্চরদের।ইসরো জানিয়েছে, হিউম্যানয়েড-মিশন সফল হলে তবে ম্যানড-মিশনের দিকে আরও এক ধাপ এগনো যাবে। নভশ্চরদের মহাকাশে পাঠানোর আগে এটা হবে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ।

গগনযানের (Gaganyaan) জন্য চার নভশ্চরকে বাছা হয়েছে বায়ুসেনা থেকে। চারজনেই বায়ুসেনার দক্ষ পাইলট। দীর্ঘ সময় আকাশে বিমান ওড়ানোর অভিজ্ঞতা আছে। তবে নভশ্চরদের মহাকাশে পাঠানোর আগে বিজ্ঞানীদের প্রোগ্রাম করা রোবট ব্যোমমিত্র যাবে মহাকাশে। তার কাজ হবে, মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে গগনযানের ভেতর কী কী বদল হচ্ছে তার নির্ভুল তথ্য ইসরোর গ্রাউন্ড কম্যান্ডে পাঠানো।
এত দিন ধরে মহাকাশ চর্চার আঙিনায় কম সাফল্য পায়নি ভারত। চন্দ্রযান মিশন তো হাতে চাঁদ এনে দিয়েছে। মঙ্গল গ্রহেও পাঠানো হয়েছে মহাকাশযান। কিন্তু এখনও পর্যন্ত মহাকাশে মানুষ পাঠায়নি ভারত। গগনযান অভিযান সেই স্বপ্নই সফল করবে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায়, সাত দিন পর্যন্ত প্রদক্ষিণ করতে পারবে এই গগনযান। সাত টনের এই মহাকাশযানে চারজন মহাকাশচারী থাকবেন। পৃথিবীকে পাক খেতে খেতেই মহাকাশে গবেষণা চালাবে ইসরোর মহাকাশযান।