
শেষ আপডেট: 17 April 2020 02:40
জানা গেছে, বৃহস্পতিবার ইনদোরের খতিপুরা এলাকার একটি লজের সামনে কোনও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সম্ভবত করোনা সংক্রমণের ভয়েই শহরের রাস্তায় ২৫টি নোট ফেলে রেখে দেন। ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট ছড়িয়ে পড়ে থাকে রাস্তায়। এ কথা জানতেও পারেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রায় সকলেই ভাবেন, করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে বলেই এত টাকা রাস্তায় ফেলে দেওয়া হয়েছে! তাই ভয়ের কারণে এগিয়ে এসে টাকাগুলি কুড়িয়ে নেননি একজনও।
এলাকার মিউনিসিপ্যালিটির জোনাল অফিসা নরেন্দ্র কুর্লি ঘটনার কথা জানতে পেরে আলোচনা করেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। তার পরেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে প্লাস্টিকের ব্যাগে করে নোটগুলি কুড়িয়ে নিয়ে যায়।
পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, কেউ একজন গাড়ির মধ্যে থেকে এভাবে রাস্তায় টাকা ছড়িয়ে রেখে চলে গিয়েছেন। কেন তিনি এমনটা করেছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
ইতিমধ্যে মধ্যপ্রদেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬৪। তার মধ্যে ৭০৭ জনই ইনদোরের বাসিন্দা। বৃহস্পতিবার নতুন করে ২২৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫-তে। এই অবস্থায় এরাজ্যে করোনা নিয়ে আতঙ্ক যে চরমে, তা আর বলার অপেক্ষা রাখে না।