
শেষ আপডেট: 10 November 2023 20:30
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঠান্ডা পানীয়র সঙ্গে তিন মেয়েকে কীটনাশক খাইয়ে খুন করার চেষ্টা করল খোদ বাবা! এই অভিযোগে এক ব্যক্তিকে আটক করল ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুইঝাঁকা গ্রামে।
স্থানীয় জানিয়েছেন, অভিযুক্ত ওই ব্যক্তির নাম আমিন সরদার। পেশায় ভ্যানচালক। তাঁর তিন মেয়ে । তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযোগ বৃহস্পতিবার বিকালে আমিন তার তিন মেয়েকে নিয়ে শীতের পোশাক কিনে দেওয়ার নাম করে বাজারে নিয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে একটি দোকান থেকে একটি ঠান্ডা পানীয়র বোতল কিনে আনে। ওই ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন মেয়ে। স্থানীয়দের অভিযোগ, ওই পানীয় সঙ্গে কীটনাশক মিশিয়ে মেয়েদের খাইয়ে ছিল আমিন। কিন্তু কি কারণে সে এমন করল তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে প্রতিবেশীদের মনে।
অসুস্থ তিন নাবালিকাকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্ত আমিনকে আটক করেছে। কেন সে নাবালিকা তিন মেয়েকে প্রাণের মারার চেষ্টা করল তা জানার চেষ্টা করছে পুলিশ।