
শেষ আপডেট: 5 January 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: জন্ম থেকে মেয়ের ঠোঁট কাটা। মুখের এই খুঁত মেনে নিতে পারেনি বাবা-মা। তাই দু'মাসের শিশুকন্যাকে নদীতে ফেলে দিলেন বাবা! এমন অভিযোগেই শিশুর মা ও বাবাকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচক গ্রামে।
বৃহস্পতিবার আশাকর্মীরা গ্রামে ঘুরে বাচ্চাদের টিকা দিচ্ছিলেন। খোকন হাজরার বাড়িতেও তাঁরা যান। সেখানে তার দুমাসের কন্যা সন্তানকে টিকা দিতে চাইলে তাঁদের চলে যেতে বলে খোকনের স্ত্রী। শিশুর মায়ের অসংলগ্ন কথা শুনে সন্দেহ হয় আশাকর্মীকে। তাকে চেপে ধরতেই, উঠে আসে আসল সত্যি। শিশুর মা স্বীকার করে, যে তাঁরা সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন।
মায়ের মুখে থেকে এমন কথা শুনে শিউরে ওঠেন আশাকর্মীরা। তড়িঘড়ি তাঁরা গ্রামপঞ্চায়েত প্রধানকে ঘটনার কথা জানান। খবর পেয়ে ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় চলে আসেন। শিশুর বাবা মাকে আটক করে থানায় নিয়ে যান।
পুলিশি জেরায়, খোকন হাজরা জানিয়েছেন, তিনি পেশায় রাজমিস্ত্রি। ওই শিশু তার তৃতীয় কন্যা সন্তান। পর পর কন্যা সন্তানের জন্ম মেনে নিতে পারছিলেন না। তাছাড়াও মুখে খুঁত নিয়ে জন্মেছিল শিশুটি। তাই মঙ্গলবার সবার অলক্ষে ঝুমি নদীতে ফেলে দেন।
পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "খবর পেয়ে ওসি পুলিশ বাহিনী নিয়ে এলাকায় গিয়েছিল। বাবা ও মা জেরায় নদীর জলে কন্যা সন্তানকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে। শিশুর দেহ উদ্ধারের চেষ্টা চলছে। "