জঙ্গি ঘাঁটিতে সেনা অভিযান, শ্রীলঙ্কা-বিস্ফোরণের মূল চক্রীর বাবা ও দু'ভাই নিহত
দ্য ওয়াল ব্যুরো: সেনার গুলিতে নিহত শ্রীলঙ্কায় আত্মঘাতী ধারাবাহিক হামলার মূল চক্রীর বাবা ও দুই ভাই। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জাহনি হাসিম, রিলওয়ান হাসিম ও তাদের বাবা মহম্মদ হাসিম। নিহতদের এক আত্মীয় ও শ্রীলঙ্কা পুলিশ সূত্রের খবর, জাহরান হাসি
শেষ আপডেট: 28 April 2019 20:08
দ্য ওয়াল ব্যুরো: সেনার গুলিতে নিহত শ্রীলঙ্কায় আত্মঘাতী ধারাবাহিক হামলার মূল চক্রীর বাবা ও দুই ভাই। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জাহনি হাসিম, রিলওয়ান হাসিম ও তাদের বাবা মহম্মদ হাসিম। নিহতদের এক আত্মীয় ও শ্রীলঙ্কা পুলিশ সূত্রের খবর, জাহরান হাসিমের বাবা ও ভাইরাও একই রকম সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল।
পুলিশ জানিয়েছে, শুক্রবার আত্মঘাতী হামলায় জড়িত জঙ্গিদের গোপন ঘাঁটিতে হানা দেন নিরাপত্তারক্ষীরা। এর পরেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা রক্ষীদের আক্রমণে লুকিয়ে থাকা ১৫ জন জঙ্গি খতম হয়। তাদের মধ্যেই ছিল হামলার মূল চক্রী জাহরান হাসিমের বাবা মহম্মদ হাসিম ও দুই ভাই জাইনি এবং রিলওয়ান হাসিম। এই তিন জনের মৃত্যুর কথা স্বীকার করেছে জাহরান হাসিমের শ্যালক নিয়াজ শরিফও।
গত রবিবার ইস্টার সানডে উদযাপনের সময়ে কলম্বোর একাধিক গির্জা ও হোটেলে যে হামলা হয়েছে, তাতে ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই হামলার আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল জঙ্গিদের তরফে। ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার হয়েছিল ওই ভিডিও। তাতে জাহরানের বাবা এবং দুই ভাইকে দেখা গিয়েছিল। এমনকী ওই ভিডিও-তে ইসলামে অবিশ্বাসীদের বিরুদ্ধে সব রকম যুদ্ধ চালানোর জন্য অনুপ্রাণিত করতেও দেখা গিয়েছিল তাদের।
শ্রীলঙ্কার নিরাপত্তা আধিকারিকরা বলছেন, এই হামলার মূলচক্রী জাহরান শ্রীলঙ্কার উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতের (এনটিজে) অন্যতম শীর্ষ নেতা ছিল। ২০১৪ সালে শ্রীলঙ্কার কাত্তানকুদি এলাকায় এনটিজে প্রতিষ্ঠাও হয়েছিল তার হাত ধরেই। এমনকী সংগঠনের কাজে কেরল এবং তামিলনাড়ুতেও গিয়েছিল সে।
এ দিকে ইস্টার সানডে-এর ঘটনার পরেই জঙ্গি হামলায় জড়িতদের ধরতে গোটা দেশে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার। আত্মঘাতী হামলায় জড়িত দুটি ইসলামিক গ্রুপের সদস্যদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।