
শেষ আপডেট: 9 December 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো: অঘ্রাণের অকাল বৃষ্টিতে মাথায় হাত পড়েছে চাষিদের। খানাকুলে জমির পর জমিতে পচছে ধান, নষ্ট হচ্ছে আলু বীজ। ঋণ নিয়ে চাষ করছেন যাঁরা, তাঁরা প্রভূত ক্ষতির মুখে। ধান নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে অনেক চাষিই। তার মধ্যে একজনের আত্মহত্যা করার খবর সামনে এসেছে।
এই ঘটনা খানাকুলের ঘোষপুর অঞ্চলের পিলখাঁ এলাকার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গেছে, মৃত ওই চাষির নাম তরুণ পালুই(৩৭)। তিনি বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন। তবে এমন কাণ্ড ঘটাবেন তা স্বপ্নেও ভাবেনি তাঁর পরিবারের লোকজন।
মৃতের পরিবার জানিয়েছে, প্রায় ৮ বিঘা জমি ছিল তরুণ পালুইয়ের। সেখানে তিনি ধান চাষ করতেন। কিন্তু অকাল বৃষ্টিতে সব ফসলই নষ্ট হয়ে গেছে। নানা জায়গা থেকে নাকি প্রচু ঋণ নিয়েছিলেন তরুণবাবু। এমনিও দেনার দায়ে ভুগছিলেন। এই ফসল ভাল হলে কিছুটা লাভের মুখ দেখবেন এই আশা ছিল তাঁর। কিন্তু বৃষ্টিতে সর্বনাশ হয়ে যায়।
দুধের ব্যবসাও ছিল তরুণবাবুর, তাতেও বিস্তর লোকসান হয় তাঁর। পরিবারের লোকজন জানাচ্ছেন, বৃষ্টির জেরে ধান জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে যায়। মাঠ থেকে ধান তোলার জন্য জনমজুরও পাননি তিনি। এরপর থেকেই অবসাদ গ্রাস করে তাঁকে। চরম হতাশায় ভুগছিলেন তিনি। আর এই মানসিক অবসাদের জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই চাষি।