দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্রনাথ ছিলেন তাঁর যাপনে। রবীন্দ্রনাথের গান গেয়েই তাঁর দেহ নিয়ে পথ হাঁটল কলকাতা।
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ শায়িত রাখা ছিল রবীন্দ্র সদনে। সেখান থেকে দেহ যায় ক্যাওড়াতলা মহাশ্মশানে। শেষ যাত্রায় অগণিত মানুষের কণ্ঠে ছিল আগুনের পরশমণি। ক্যাওড়াতলায় গান স্যালুটের মাধ্যমে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় কিংবদন্তী অভিনেতাকে।
৪০ দিনের লড়াই শেষে রবিবার দুপুর সওয়া ১২টা নাগাদ বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্রবাবু। হাসপাতাল থেকে ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য পর্যন্ত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্র সদনে এদিন সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। সিনেমা, নাটক ছাড়াও অন্যান্য জগতের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন সেখানে। রাজ্য সরকারের একাধিক মন্ত্রী সহ ডান, বাম একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন।
গত তিন দিন ধরে ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গতকাল রাতে চিকিত্সকরা জানিয়ে দেন, পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। শেষমেশ দীপাবলির পরের সকালেই নিভে গেল দীপের আলো।