ফাঁসির সাজাপ্রাপ্ত দীনবন্ধু হালদার
শেষ আপডেট: 13 December 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরের পরে এবার ফরাক্কা! আরও এক নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা শোনাল আদালত। অন্য আর এক অভিযুক্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানার ঘোষণা হয়েছে।
আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের আগুন যখন মধ্যগগনে, দুর্গাপুজো যখন কড়া নাড়ছে দরজায়, উৎসব বয়কট করে বিক্ষোভে সামিল হওয়ার ডাক যখন ছড়িয়ে পড়ছে রাজ্যের নানা প্রান্তে, তখনই ক্ষোভের বারুদে নতুন করে অগ্নিস্ফূলিঙ্গ স্পর্শ করেছিল জয়নগরের ঘটনায়। আর তার ঠিক পরেই আবারও ঘটে গিয়েছিল ফরাক্কার ঘটনা।
তারিখটা ১৩ অক্টোবর, বিজয়া দশমী। ওই দিনই ঘটেছিল এই নারকীয় ঘটনা (Farakka Rape and Murder)। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করোর অভিযোগ ওঠে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিৎ হালদারের (২৩) বিরুদ্ধে।
তদন্তে জানা যায়, ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু। সেখানে সে এবং শুভজিৎ মিলে নির্মম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর। তারপর শ্বাসরোধ করে খুন করে নাবালিকাকে।
সেই ঘটনারই তদন্ত শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। ১৫ অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট।
বৃহস্পতিবার, ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। মাত্র দু'মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ হওয়ার পর আজ অর্থাৎ শুক্রবার ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের একজনকে ফাঁসি এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানার সাজা শোনাল আদালত।