শক্তি বাড়াচ্ছে 'ফণী', প্রস্তুত নৌবাহিনী, বিপর্যয় মোকাবিলা টিম
দ্য ওয়াল ব্যুরো: সাইক্লোন 'ফণী' আগামী ১২ ঘণ্টায় অতি তীব্র ঘূর্ণি ঝড়ের আকার ধারণ করবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। ঝড়ের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে মনে করা হচ্ছে শুক্রবার রাত বা শনিবার ভোর নাগাদ ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে 'ফণী'। যত
শেষ আপডেট: 29 April 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সাইক্লোন 'ফণী' আগামী ১২ ঘণ্টায় অতি তীব্র ঘূর্ণি ঝড়ের আকার ধারণ করবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। ঝড়ের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে মনে করা হচ্ছে শুক্রবার রাত বা শনিবার ভোর নাগাদ ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে 'ফণী'। যত সময় যাচ্ছে ততই ঘূর্নি ঝড়ের স্থলভূমি স্পর্শ করার সময়টি নির্দিষ্ট করে বলা সহজ হয়ে যাচ্ছে আবহবিদদের কাছে। আগামিকাল আরও সঠিক ভাবে সময়টিকে চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করছে মৌসম ভবন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল সমুদ্র ছেড়ে শনিবার ভোরে 'ফণী' ডাঙা ছোঁবে কিন্তু ক্রমাগত ঝড়ের গতিবেগ বৃদ্ধি পেতে থাকায় স্থলভূমি স্পর্শ করার সময়টি এগিয়ে আসতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণি ঝড়টি গোপালপুর ও চাঁদবালির মধ্যবর্তী অঞ্চলে প্রথম আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপৎকালীন ব্যবস্থা হিসেবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। বৃহস্পতিবারই ওড়িশার উপকূলবর্তী অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জাহাজ, ডুবুরি, চিকিৎসক এবং রবারের বোট নিয়ে ভারতীয় নৌবাহিনী প্রস্তুত রয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য ইতিমধ্যে ৮৭৯ টি অস্থায়ী ছাউনি গড়ে তোলা হয়েছে। এছাড়াও রাজ্যের ২০ টি দ্রুত বিপর্যয় মোকাবিলা টিম, ৩৩৫ টি দমকল ইঞ্জিন ও জাতীয় দ্রুত বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রয়েছে।
বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে পাটকুরা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ পিছিয়ে দেওয়ার আবেদন করতে চলেছেন। আজ সাংবাদিকদের তিনি বলেন, ''পাটকুরা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখার জন্য আমি মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।'' কেন্দ্রপাড়া লোকসভা আসনের অন্তর্গত পাটকুরা বিধানসভা আসনের উপনির্বাচন হওয়ার কথা আগামী ১৯ মে।