
শেষ আপডেট: 27 November 2023 20:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ওরা সমকামী। এক সঙ্গে থাকতে চায়। কিন্তু বাড়ি লোকেরা মেনে নেবেন না ওদের সম্পর্ক। তাই অন্ধ্রপ্রদেশে পালিয়ে গিয়েছিল দুই নাবালিকা। সেখান থেকে তাদের উদ্ধার করে বাড়ি ফেরাল পুলিশ।
দুই নাবালিকা কালনার বাসিন্দা। একজনের বাড়ি শিকারপুর এলাকায়, অন্যজন ওমরপুরের বাসিন্দা। দুজনের বন্ধুত্ব হয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে প্রথম পরিচয়। চ্যাটে কথা বলতে বলতে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। পরে প্রেম পর্যন্ত গড়ায় তাদের সম্পর্ক। দুজনেই জানত, বাড়ির লোকেরা তাদের এই সম্পর্ক মেনে নেবে না। কিন্তু এক সঙ্গে সারাজীবন কাটানোর ইচ্ছে দুজনেরই। তাই তিন মাস আগে ঘর ছেড়ে অন্ধ্রপ্রদেশে পাড়ি দিয়েছিল তারা। সেখানে গিয়ে একটি মাছ প্রক্রিয়াকরণের কারখানায় কাজও জুটে গিয়েছিল। ভালই কাটছিল সব কিছু। এরমধ্যেই ছন্দপতন ঘটে। বাড়ির লোকেদের নিখোঁজের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। তাদের খুঁজতে খুঁজতে অন্ধ্রে পৌঁছে যায় তদন্তকারীরা। সোমবার নাবালিকাদের কালনায় নিয়ে আসা হয়। তিনমাস পরে মেয়েদের খুঁজে পেয়ে খুশি তাদের পরিবার।
এতকিছুর পরেই নাবালিকাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে চাইছে না। তাদের দাবি, মেয়েরা আর পাঁচজন মেয়ের মতোই জীবন কাটাক। যদিও নাবালিকারা বাড়ি ফিরতে চাইছে না। তারা এই ভাবে আলাদা হতে চায় না। এক অপরের সঙ্গে জীবন কাটাতে চায়।
সোমবার কালনায় নিয়ে এসে তাদের দুজনকেই মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়।