
এনআইএ ও ধৃত কাউসার আলি
শেষ আপডেট: 15 November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের দিন ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কাউসার আলি। তৃণমূলের নেতার পরিবারের তরফে যাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই তালিকায় কাউসারের নাম ছিল। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এবার সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাল ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিবার। তাঁদের অভিযোগ গোটা ঘটনার সঙ্গে পুলিশ জড়িত আছে।
বুধবার সকালে জগদ্দল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করল কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে। পরিবারের তরফ থেকে যাদের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে অন্যতম এই কাউসার আলি। কাউসার ছাড়াও সুজলপ্রসাদ নামে আরও এক অভিযুক্তের নাম সামনে আসছে।
পুলিশ জানিয়েছে, ২০২০ সালে ভাটপাড়ায় খুন হন আকাশ প্রসাদ নামে এক যুবক। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। পুলিশের প্রাথমিক অনুমান, আকাশ যাদবের খুনের বদলা নিতেই সুজল প্রসাদ খুন করেছে অশোক সাউকে। সুজল প্রসাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ।
বুধবার ছিল নৈহাটি বিধানসভার উপনির্বাচন। কড়া নিরাপত্তায় যখন ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছিল। সেই সাতসকালেই ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বুধবার সকালে অশোক সাউ বাজার করতে বেরিয়েছিলেন। তখনই এই হামলা হয়। গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে। অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।