
শেষ আপডেট: 8 June 2022 03:24
দ্য ওয়াল ব্যুরো: পরনে সাদা অ্যাপ্রন। হাবভাব, কথাবার্তাও ডাক্তারের মতোই। সাদা চোখে দেখে বোঝার উপায় নেই ‘ডাল মে কুছ কালা হ্যায়’। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Kolkata Medical College Hospital) এমার্জেন্সি গেটের সামনে এমনই এই ব্যক্তিকে ইতিউতি ঘোরাফেরা করতে দেখা গেল মঙ্গলবার সকালে। পরে জানা গেল, সে ডাক্তার নয়, সবটাই ভুয়ো (Fake Doctor)!
আরও পড়ুন: মাকে মেরে ঘরেই লুকিয়ে রেখেছিল ছেলে! রুম ফ্রেশনার দিয়ে ঢাকত গন্ধ
কলকাতা মেডিক্যাল কলেজের এমার্জেন্সির সামনে অ্যাপ্রন পরে এমনই ভুয়ো ডাক্তার (Fake Doctor) ঘোরাফেরা করছিল। পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে ওই ব্যক্তির নাম শেখ সানোয়ার হোসেন। বয়স ২৫। ভুয়ো ডাক্তার সেজে রোগীর পরিবারের কাছ থেকে টাকা আদায় করাই তার কাজ।
পুলিশ জানিয়েছে রোগীর পরিবারের কাছে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত শেখ সানোয়ার (Fake Doctor)। তারপর সস্তায় ওষুধ কিনে দেওয়া বা রোগী ভর্তির ব্যবস্থা করে দেওয়ার নাম করে টাকা নিত সে। কিন্তু তারপর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যেত না। বেশ কিছুদিন ধরে কলকাতা মেডিক্যাল কলেজে এমন প্রতারণার কথা শোনা যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত।
এর আগে অন্যান্য সরকারি হাসপাতালেও একই কাজ করেছে এই শেখ সানোয়ার। ডাক্তার সেজে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। তারপর নানা অছিলায় রোগীর পরিবারের থেকে টাকা আদায় করে চম্পট দিয়েছে। বউবাজার থানার পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে এই ভুয়ো ডাক্তারকে।
মেডিক্যাল কলেজে প্রতিদিন অজস্র রোগী আসেন। রোগীর পরিজনরাও থাকেন। তাঁদের অনেকেই আসেন দূর-দূরান্ত থেকে। কেউ কেউ প্রথমবার হাসপাতালে এসেছেন এমনও বিরল নয়। তাঁদের পক্ষে কে ডাক্তার আর কে ডাক্তার নয় তা বোঝা কার্যত অসম্ভব। পুলিশকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, দাবি তুলেছেন তাঁরা।