দ্য ওয়াল ব্যুরো: তাঁর নামে অন্তত ডজন খানের অ্যাকাউন্ট কাজ করছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা তথ্য শেয়ার করছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও। হবে না-ই বা কেন, এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আলোচিক ব্যক্তিদের মধ্যে তিনি এক জন। ইসরোর চেয়ারম্যান, কলাইসাভাদিভু শিবন। তাই তাঁর করা যে কোনও টুইট-ই যে বেশ কয়েক বার রিটুইটেড হবে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু মজার ব্যাপার হল, কে শিবনের নিজের কোনও টুইটার অ্যাকাউন্টই নেই! সোমবার টুইট করে এমনটাই জানাল ইসরো।
অর্থাৎ তাঁর নাম করে টুইটারে খোলা হয়ে গিয়েছে একাধিক ফেক অ্যাকাউন্ট। সে সব অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে নানা রকমের তথ্যও। সে সব টুইট স্বাভাবিক ভাবেই পৌঁছে যাচ্ছে প্রচুর মানুষের কাছে। কিন্তু কে জানত, একটা অ্যাকাউন্টও শিবন নিজে চালাচ্ছেন না!
ইসরো কর্তৃপক্ষের তরফে সোমবার টুইট করে জানানো হয়, কে শিবনের নামে একাধিক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া জরুরি, যে ইসরোর চেয়ারম্যান কে শিবনের নিজস্ব কোনও অ্যাকাউন্ট নেই সোশ্যাল মিডিয়ায়।
দেখুন সেই টুইট।
https://twitter.com/isro/status/1170993695950172160?s=12
অনেকেই বলছেন, এটা আরও অনেক আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল ইসরো-র। কারণ ইতিমধ্যেই তাঁর নামে অসংখ্য অ্যাকাউন্ট খুলে ফেলেছে কেউ বা কারা। এবং সেই অ্যাকাউন্ট থেকে করা নানা রকম পোস্ট দেখে কনফিউজ়ড হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বহু তাবড় ব্যক্তিও রিটুইট করে ফেলছেন সেই ফেক অ্যাকাউন্টের বক্তব্য।
ইসরোর এই ঘোষণার পরে নেটিজেনদের কেউ বলেছেন, দেখে মনে হচ্ছে সকলেই কে শিবন হতে চাইছে। অথচ সেপ্টেম্বরের ২ তারিখেই কে শিবনের একটি অ্যাকাউন্ট থেকেই শেয়ার করা হয়েছে অনুষ্কা শর্মার নাচের স্টেপ!
https://twitter.com/Prashaforever/status/1170995167907602432
ইসরোর টুইটের পরে নেটিজেনদের অনেকেই জানিয়েছেন, তাঁরা শিবনের ওই ফেক অ্যাকাউন্টগুলি ফলো করছিলেন। প্রতিটি অ্যাকাউন্টেই খুব তাড়াতাড়ি অনেক ফলোয়ার হয়ে গিয়েছিল। সত্যিটা জানার পর এবার অনেকেই রিপোর্ট করছেন ফেক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে।