
শেষ আপডেট: 28 October 2023 15:42
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত চালকল মালিক বাকিবুর রহমানের মাথায় প্রভাবশালীর হাত রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে তিন তিন বার গুরুতর অভিযোগ দায়ের হলেও পুলিশ কখনওই তাকে স্পর্শ করেনি। শনিবার ব্যাঙ্কশাল আদালতে ফের এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
ইডি হেফাজতের মেয়াদ শেষে শনিবার বাকিবুরকে আদালতে হাজির করানো হয়েছিল। জামিনের বিরোধিতা করা হলেও বাকিবুরকে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন এদিন ইডির তরফে জানানো হয়নি। বিচারক চৈতালী বন্দ্যোপাধ্যায় তাকে ১১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বাকিবুরকে জেরা করেই বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, রেশন কেলেঙ্কারির আরও অজানা তথ্যের হদিশ পেতে শুক্রবারই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে বাকিবুরের মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু এজলাসে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। এই মুহূর্তে বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
ইডি সূত্রের খবর, জ্যোতিপ্রিয় সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তাঁকে জেরা করা সম্ভব নয়। বাকিবুরের মুখোমুখি বসিয়ে জেরাও এখন সম্ভব নয়। সেকারণেই এদিন আর বাকিবুরকে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। পরিবর্তে তদন্তের স্বার্থে তাঁকে জেলে গিয়ে জেরা করার জন্য আদালতের কাছে অনুমতি চান ইডির কর্তারা।
রেশন দুর্নীতির তদন্তে নেমে গত ১৩ অক্টোবর চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তদন্তে নেমে ইডি আধিকারিকেরা জানতে পেরেছেন, মন্ত্রী 'ঘনিষ্ঠ' এই ব্যবসায়ী প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির মালিক! চালকল মালিক বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে। যার মধ্যে বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে।
এছাড়াও পার্কস্ট্রিট, রাজারহাট, রঘুনাথপুর সহ আরও বিভিন্ন জায়গায় রয়েছে তাঁর ৯ টি ফ্ল্যাট। যার মোট আয়তন সাড়ে ৭হাজার স্কোয়ার ফুটের বেশি।এই সবকটি সম্পত্তি সরকারিভাবে নথিভুক্ত। সেই প্রেক্ষিতে নথিভুক্ত নয় এমন সম্পত্তি যে বাকিবুরের কত থাকতে পারে তা আন্দাজ করার চেষ্টা করছেন ইডির আধিকারিকেররা। বাকিবুরের সূত্র ধরেই এরপর মন্ত্রীকে টানা জেরা এবং সবশেষে গ্রেফতার করেন তদন্তকারীরা।
ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটও। যাতে রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ আরও স্পষ্ট বলেই দাবি তদন্তকারী সংস্থার। তাই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। তবে জ্যোতিপ্রিয় সুস্থ না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়। সেকারণেই এদিন বাকিবুরকে নতুন করে হেফাজতে চাওয়া হয়নি বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।