
বড়মা নৈহাটি
শেষ আপডেট: 21 December 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: 'ধর্ম যার যার বড়মা সবার'। নৈহাটির মা কালীর নামেই ভক্তি। একশো বছর পার রাজ্য, দেশের গণ্ডি টপকে বিদেশের ভক্তদের কথা মাথায় রেখে অ্যাপ শুরু করেছিল কর্তৃপক্ষ। যেখানে ঘরে বসে অ্যাপের মাধ্যমে সরাসরি বড়মার পুজো দিতে পারবেন ভক্তরা।
আর তারই সুযোগ নিয়ে টাকা তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নৈহাটির বড়মায়ের নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খুলে হুগলির রিষড়া থেকে সকলের সঙ্গে পুজো দেওয়ার নামে প্রতারণা করে টাকা তুলছিলেন।
আজ অর্থাৎ শনিবার বড়মা পুজো কমিটি ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে নৈহাটি থানার উদ্যোগে ও রিষড়া থানার সহযোগিতায় সুরজিৎ কুণ্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও একটি ব্যাংকের পাস বই উদ্ধার করেছে পুলিশ।
ওয়েবসাইট তৈরি করে এবং ভুয়ো বিল ছাপিয়ে সাধারণ মানুষের থেকে টাকা তুলছিলেন সুরজিৎ। ওয়েবসাইট এবং বিল দেখে বহু মানুষ মনে করেছিলেন, তাঁরা বড় মায়ের মন্দিরের উন্নয়নের জন্য অর্থদান করছেন। কিন্তু আদতে সেই অর্থ বড় মায়ের মন্দির কমিটির সঙ্গে কোনও সম্পর্কই ছিল না।
বিষয়টি নজরে আসতেই মন্দির ট্রাস্টি কমিটি দ্রুত নৈহাটি থানায় অভিযোগ দায়ের করে। তারপরই খোঁজ শুরু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।