
শেষ আপডেট: 7 April 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন কেরলের তরুণ কংগ্রেস নেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দক্ষিণে বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অভিভক্ত অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি (Ex chief Minister Kiran Kumar Reddy)।
দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন পদ্মপতাকা তুলে নেন কিরণ। তারপর সাংবাদিকদের বলেন, ‘এই কয়েক দিন আগেও আমি ভাবিনি কংগ্রেস ছাড়ব। বলতে পারেন, কোনও পরিকল্পনাই ছিল না।’ তাহলে কি হঠাৎ সবটা হল? তার অবশ্য ব্যাখ্যা দেননি কিরণ রেড্ডি। তিনি শুধু বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদীজির দিশায় চলতে চাই।’
অন্ধ্র থেকে তেলেঙ্গানা পৃথক রাজ্য হয় ২০১৪ সালে। ওই পর্ব পর্যন্ত অভিভক্ত অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৪ সালে তেলেঙ্গানা আলাদা রাজ্য হওয়ায় কংগ্রেস ছেড়ে নিজে পৃথক রাজনৈতিক দল গড়েছিলেন কিরণ। কিন্তু সেই দল অন্ধ্রের ভোটে কোনও দাগই কাটতে পারেনি। ২০১৮ সালে আবার কংগ্রেসে ফিরে গিয়েছিলেন রেড্ডি।
অন্ধ্রে সরকার চালায় ওয়াইএসআর কংগ্রেস। জগনমোহন রেড্ডির দলই সেখানে শাসক। বিরোধী হিসাবে মূল শক্তি চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি। বিজেপি তেমন একটা সাংগঠনিক ভাল জায়গায় নেই। রায়ালাসিমা রিজিওনে কিরণ রেড্ডির প্রভাব রয়েছে। এদিন দেখা গেল তাঁকে দলে সামিল করল বিজেপি।
অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট প্রায় চলেই এল। তার আগে কিরণ রেড্ডিকে দলে নিয়ে বিজেপি কোন কৌশনে এগোয় এখন সেটাই দেখার।
রাহুলের নয়া আস্তানা সনিয়ার ১০ জনপথ, মোদীর চেয়েও বড় বাংলো কংগ্রেস নেত্রীর