
শেষ আপডেট: 13 July 2023 10:31
দ্য ওয়াল ব্যুরো: চিনা অ্যাপ থেকে লোন নিয়ে সময় মতো কিস্তি মেটাতে পারেননি, আর তাতেই হয়রানি শিকার হতে হয়েছিল ২২ বছরের এক যুবককে। তাঁর অন্তরঙ্গ ছবি ফাঁসের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তার জেরেই মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন তিনি, এমনই দাবি পরিবারের। যদিও পরিবারের কেউ ভাবতে পারেননি সেই অবসাদের জেরে আত্মহত্যার (Engineering student hangs self over harassment) পথ বেছে নেবে তেজস নামের ওই যুবক! ওই যুবকের ঘর থেকে মিলেছে একটা সুইসাইড নোট। তাতে লেখা, 'এছাড়া আর উপায় ছিল না...'।
একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন তেজস। পরিবারের দাবি, মাস কয়েক আগে 'স্লাইস এন্ড কিস' নামে একটি চিনা মোবাইল অ্যাপ থেকে কিছু টাকার লোন নিয়েছিলেন তেজস। প্রথম প্রথম সময় মতো কিস্তির টাকা মেটালেও, মাঝে দু'এক মাস টাকা মেটাতে ব্যর্থ হয়।
কিস্তির টাকার জন্য বারবার ফোন আসতে থাকে তেজসের কাছে। পরিবারের অভিযোগ, ওই মোবাইল অ্যাপের আধিকারিক বারবার ফোন করে বাজে কথা শোনাত। এমনকী তেজসের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দিত।
তেজসের বাবা গোপীনাথ বিষয়টি জানতে পেরে ছেলের নেওয়া টাকা চুকিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। তবে কিছুটা সময় চেয়েছিলেন। ওই মোবাইল অ্যাপের আধিকারিকরা বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গেছে বলেও অভিযোগ।
পরিবারের দাবি, এমন হয়রানি সহ্য করতে পারেনি তেজস। মঙ্গলবার বারবার ফোন আসে তাঁর কাছে। তারপরই বিকেল বেলা নিজের ঘরে আত্মহত্যা করেন তেজস। সুইসাইড নোটে লেখা, 'বাবা ও মা, আমি দুঃখিত। এছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না। আমার নামে নেওয়া ঋণ পরিশোধ করতে পারিনি।'
পরিবারের লোকেরা ওই মোবাইল অ্যাপ ও তার আধিকারিকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জমানা বদলায়, হিংসা থামে না, পঞ্চায়েত ভোটে মৃত্যু মিছিল কীভাবে এগিয়েছে