
শেষ আপডেট: 4 October 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। তবে বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্রে তাঁকে তলব করা হয়েছে নাকি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তা এখনও স্পষ্ট নয়।
ইডি সূত্রে বলা হচ্ছে, নিয়োগ কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করা হবে। মঙ্গলবার ৩ অক্টোবর অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ৩ তারিখের তদন্ত ইডিকে নিশ্চিত করতেই হবে। তা যেন ব্যাহত না হয়।
কিন্তু দিল্লিতে রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে মঙ্গলবার ইডি দফতরে যাননি অভিষেক। ইডি সূত্রে বলা হচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণে অভিষেককে অবিলম্বে নোটিস পাঠিয়ে ডাকা হবে।
এর আগে বেআইনি কয়লা পাচার মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ভূমিকাও এখন ইডির আতসকাচের নিচে রয়েছে। ওই সংস্থায় অন্যতম অধিকর্তা ছিলেন রুজিরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসাব পেশ করতে হবে ইডিকে। প্রয়োজনে বাকি ডিরেক্টরদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। হতে পারে সেই সূত্রেই রুজিরাকে তলব করা হয়েছে।
এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, “ইডি যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করছে তা দিনের আলোর মতই স্বচ্ছ। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দেখে ভীত মোদী সরকার। তাই এবার যে ফের কেন্দ্রীয় এজেন্সি নোটিস পাঠাবে তা ধরেই নেওয়া হয়েছিল। হলও তাই। এই অনাচারের শেষ ঘনিয়ে আসছে”।