
শেষ আপডেট: 20 February 2024 07:07
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি দুর্নীতি মামলায় ফের গ্রেফতার প্রসন্ন রায়। সোমবার দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে রাতের দিকে গ্রেফতার করে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ বা মধ্যসত্ত্বভোগী হিসেবে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পান।
সোমবার প্রসন্নকে জেরা করার জন্য ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। গোটা দিন জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে প্রসন্নর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়। এরপর সেই নথির ভিত্তিতে তাঁকে তলব করে ইডি। কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজির হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন। সোমবার ফের তাঁকে জিজ্ঞাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় এদিন তাঁকে হেফাজতে নেয় ইডি।
এর আগে গ্রুপ ডি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই। ইডি এবং সিবিআইয়ের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই প্রসন্ন রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, জীবনকৃষ্ণ সাহা সহ শিক্ষা দফতরের বহু আধিকারিকের তিনি ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি তদন্তকারীদের। সিবিআই চার্জশিটে জানিয়েছিল, অর্থের বিনিময়ে চাকরি পাওয়া প্রার্থীরা প্রসন্ন রায়ের মাধ্যমেই দুর্নীতির সঙ্গে যুক্ত রাঘব বোয়ালদের কাছে টাকা পাঠাতেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নামে-বেনামে কমপক্ষে ৮০টির উপর সংস্থা রয়েছে প্রসন্নর। এছাড়া তাঁর স্ত্রী এবং নিজের নামে রয়েছে বিপুল সম্পত্তি। শীর্ষ আদালত নভেম্বর মাসে তাঁকে জামিন দিলেও জানিয়ে দেয়, নিয়োগ দুর্নীতির তদন্ত যেমন চলছে, তেমনই চলবে। কিন্তু সিবিআই হেফাজত থেকে মুক্তি পেলেও মাত্র তিন মাসের মধ্য়ে ফের ইডির হাতে গ্রেফতার হলেন তিনি।