.webp)
শেষ আপডেট: 7 November 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে এবার সামনে আরও এক ডায়েরি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দুর্নীতির তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেছিল। ইডির দাবি ছিল, সেই ডায়েরিতে রেশন দুর্নীতির হিসেব নিকেশ ছিল। এছাড়াও এতে 'বালু'দার উল্লেখ ছিল। ডায়েরির 'বালু'দা আর জ্যোতিপ্রিয় মল্লিক একই লোক বলে দাবি করে ইডি। তারপর আরও তিনটি নোটবুক পাওয়া যায়। এবার মিলল নতুন এক ডায়েরির খোঁজ।
সূত্রের খবর, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে নতুন ডায়েরি উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হল, কী আছে ওই ডায়েরিতে? জানা গেছে, একাধিক গমকলের তালিকা রয়েছে ওই ডায়েরিতে। শুধু তাই নয়, লেনদেনের হিসেবও আছে তাতে। আটা কোথায় কোথায় প্যাকেজিং হত তার উল্লেখও ওই ডায়েরিতে আছে বলে দাবি ইডির।
ইডি আরও দাবি করেছে, ওই ব্যবসায়ীকে জেরা করে জানা গেছে বাকিবুরের নির্দেশেই একাধিক গমকল থেকে আটা তৈরি হওয়ার পর তার ২০-৩০ শতাংশ খোলা বাজারে বিক্রি হত। ইডির দাবি, খোলা বাজারে এই প্যাকেটের আটা চড়া দামে বিক্রি করা হত। সেখান থেকে যা লাভ হত তার থেকে একটা বড় অংশ চলে যেত বাকিবুর ও তাঁর ঘনিষ্ঠদের কাছে।
ওই ব্যবসায়ী তাঁর বয়ানে আরও দাবি করেছেন, রেশন থেকে কম দামে গম কিনে নেওয়া হত। তারপর তা চলে যেত বিভিন্ন মিলে। সেখানে গম থেকে আটা ভাঙানো হত। সেই আটা আবার প্যাকেজিংয়ের জন্য পৌঁছে যেত অন্যত্র। সেখান থেকে আবার প্যাকেজিং আটা পৌঁছে যেত খোলা বাজারে।
ইডির দাবি, নতুন ডায়েরি থেকে বেশ কয়েকজন মিল মালিক ও কোথায় কোথায় আটা প্যাকেজিং হত তার তালিকা পাওয়া গেছে। এর আগে গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয়র বাড়ির পাশাপাশি তাঁর বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়কের বাড়ি সহ ১২ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেদিন মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দে’র বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। ‘বালুদা’ নামাঙ্কিত ওই মেরুন ডায়েরিতে রেশনের টাকার লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য লেখা রয়েছে বলে আগেই তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল।