ফাইল ছবি
শেষ আপডেট: 2 January 2025 22:57
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরতেই এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় আরও আট কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলি নিয়োগ মামলার দুই অভিযুক্ত নীলাদ্রি দাস এবং আব্দুল খালেকের সঙ্গে সম্পর্কিত বলে কেন্দ্রীয় তদন্তকারীরা জানিয়েছেন।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত একযোগে শুরু করেছে ইডি এবং সিবিআই। আব্দুল এই নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম এজেন্ট বলে সন্দেহ তদন্তকারীদের। অন্যদিকে, নাইসা নামে এক সংস্থার আধিকারিক ছিলেন নীলাদ্রি।
নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্ব এই সংস্থার উপর ছিল বলে খবর। তদন্তকারীদের দাবি, ২০১৫ সাল থেকে নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষভাবে ছিলেন নীলাদ্রি। তাঁর বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করা এবং নম্বর অদল বদলের অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার নীলাদ্রি এবং আব্দুলের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইডি। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্পষ্ট জানিয়েছে, মালদহ ও উত্তরপ্রদেশের নয়ডা থেকে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সেই তালিকায় যেমন মালদহের কিছু ভবন ও জমি রয়েছে তেমনই নয়ডা থেকে বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা হয়েছে।
এই মামলার তদন্তে আগেই ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এ বার আরও ৮ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। সব মিলিয়ে এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতির মামলায় বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ২৩৮ কোটি ৮০ লক্ষ টাকা, এমনটাই খবর ইডি সূত্রে।