
সুদীপ্ত সেন ও এনামুল হকের ছবি
শেষ আপডেট: 23 September 2024 20:48
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় সোমবার অন্যতম অভিযুক্ত এনামুল হককে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুব্রত মন্ডল জামিন পাওয়ার পর পর এনামুলের এই জামিন পাওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা।
তবে গরুপাচার মামলায় দুই অভিযুক্তর পর পর জামিন হলেও চিটফান্ড কাণ্ডের গুরু সুদীপ্ত সেনের এখনই জামিন হল না। এদিন বারাসত আদালতে পেশ করা হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। বারাসত জেলা আদালত তরফে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলায় এখনও অনেকে পলাতক। তাই এখনই মুক্তি মিলবে না সুদীপ্তর।
সোমবার সুদীপ্ত সেনের আইনজীবী বারাসত জেলা আদালতে জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, চিটফান্ড কাণ্ডের অভিযোগে প্রায় দশ বছর ধরে জেলবন্দি রয়েছে সুদীপ্ত। এবার অন্তত তাকে জামিন দেওয়া হোক।
পরে সুদীপ্ত সেনের আইনজীবী জানান, চার্জশিট পেশের পর সোমবার বারাসত জেলা আদালতে সুদীপ্ত সেনের জামিনের আবেদন জানানো হয়। আইনজীবীর অভিযোগ, প্রায় ১০ বছরের কাছাকাছি সুদীপ্ত সেন জেলবন্দী। তদন্তের গতিপ্রকৃতি দেখেই পরিষ্কার এই মামলায় নতুন করে তদন্তের কোনও প্রয়োজন নেই। সেকারণেই এদিন জামিনের আবেদন জানানো হয়।
আদালতের রায়ে কিছুটা হতাশ হলেও সুদীপ্ত সেনের আইনজীবী জানান, দ্রুত হাইকোর্টে আবেদন জানাবেন তাঁরা। তবে দীর্ঘ ১০ বছর হতে চললেও কেন তাঁর মক্কেলকে জামিন দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আদালত এদিন জানিয়েছে, এই মামলায় এখনও অনেকেই পলাতক। সেকারণে সুদীপ্ত সেনের জামিন এদিন খারিজ হয়ে যায়। পুজোর মুখে ফের প্রেসিডেন্সি জেলেই ফিরল সারদা কর্তা।