দ্য ওয়াল ব্যুরো : রাজপুত্রের নাম শেখ রশিদ বিন হামাদ অল শাকি। বয়স ৩১। তিনি সংযুক্ত আরব আমিরশাহির এক আমিরের সন্তান। গত ১৬ মে তিনি কাতারে পালিয়ে এসেছেন। আমেরিকার এক সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরশাহির শাসকরা বিপুল অর্থ নয়ছয় আর ব্ল্যাকমেলিংয়ে যুক্ত। যদিও এই বক্তব্যের পক্ষে তিনি কোনও প্রমাণ দেখতে পারেননি।
এর পাশাপাশি তিনি বলেন, আমিরশাহির শাসকদের মধ্যে এখন বিরাট গন্ডগোল চলছে। প্রতিবেশী ইয়েমেনে সেনা পাঠানো নিয়ে আমিররা একমত হননি। যুদ্ধে আমিরশাহির ১০০ জন মারা গিয়েছে বলে দাবি করা হচ্ছে ঠিকই কিন্তু আসলে মৃতের সংখ্যা আরও বেশি। আমিরশাহি থেকে অবশ্য পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া হয়েছে ।