দ্য ওয়াল ব্যুরো: ইস্টার রবিবারে শ্রীলঙ্গার একাধিক চার্চে ও হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে অভিুক্ত দুই আত্মঘাতী জঙ্গির বাবা মহম্মদ ইউসুফ ইব্রাহিমের পরিচয় জেনে স্তম্ভিত তদন্তকারীরা। তিনি কলম্বোর বিশিষ্ট মশলার ব্যবসায়ী। পুলিশের সন্দেহ, ওই ব্যবসায়ী বিস্ফোরণের ষড়যন্ত্রে জঙ্গি ছেলেদের সাহায্য করেছেন৷ সেই অভিযোগে বৃহস্পতিবার ওই ব্যবসায়ীকে গ্রেফতারও করে পুলিশ। এই নিয়ো ওই ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহে ধৃতের সংখ্যা ঠেকেছে ৭০-এ।
গত রবিবার কলম্বোয় একের পর বিস্ফোরণ হয়েছে৷ তার মধ্যে পাঁচতারা হোটেল সিনামন গ্র্যান্ডে যে দুই আত্মঘাতী হামলাকারী ছিল, তাদের মধ্যে এক জন হল এই মশলা ব্যবসায়ী ইউসুফেরই ছেলে ইলাম আহমেদ ইব্রাহিম। মহম্মদের আর এক ছেলে ইমসাত আহমেদ ইব্রাহিম আবার শাংগ্রি লা হোটেলে আত্মঘাতী মানববোমা হিসেবে কাজ করেছে বলে জানা গিয়েছে ।
এই তথ্য হাতে আসার পরেই তাদের বাবা মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছেন, ইব্রাহিম পরিবারের বাকি সদস্যদের উপরও নজর রাখছে তারা৷
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ এর মধ্যেই জানিয়েছেন, বিদেশে পড়াশোনা করা উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বিস্ফোরণের চক্রান্তে বা জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছে ৷
তাঁর দাবি, হামলার আগে এদের অনেকের উপরেই পুলিশের নজর থাকলেও গ্রেফতার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না। তাঁকর আশঙ্কা, দেশে আরও হামলা হতে পারে ভেবে পুলিশকে সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে ।