
শেষ আপডেট: 23 July 2023 15:57
দ্য ওয়াল ব্যুরো: ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে (Emerging Asia Cup 2023 Final) ভারতীয় দল একেবারে আত্মসমর্পণ করল। তারা ফাইনাল ম্যাচে হারল নির্মমভাবে। ম্যাচে প্রথম ব্যাটিং করে পাকিস্তান এ দল করেছিল ৩৫২ রান। বিনিময়ে ভারত এ দল করতে পেরেছে শেষমেশ ২২৪ রান। তাদের হার ১২৮ রানে।
ভারতীয় দলের বাঘা বাঘা তারকারা আসল খেলায় ব্যর্থ হলেন। ওপেনার অভিষেক শর্মা ৬১ ও দলের নেতা যশ ধুল ছাড়া বলার মতো কারও রান নেই। অন্য ওপেনার সাই সুদর্শন ২৯ রান করেছেন। মিডল অর্ডারে ধ্রুব জুরেল ৯ এবং রিয়ান পরাগ ১৪ রান করে দলের পতন নিশ্চিত করেছেন।
পাক দলের ব্যাটিংয়ের মতো বোলিংও ভাল হয়েছে। তাদের হয়ে সুফিয়ান মুকিম তিন উইকেট ও মহম্মদ ওয়াসিম দুই শিকার নিয়ে খেলার রাশ নিজেদের দিকে টেনে নিয়েছেন। যদিও তৈয়ব তাহিরের দুরন্ত সেঞ্চুরিই পাকিস্তানকে খেতাব এনে দিল।
এদিন টস জিতে পাকিস্তানকে প্রথম ব্যাট করতে পাঠান ভারতীয় এ দলের অধিনায়ক যশ ধুল। পাক এ দলের দুই ওপেনার সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান শুরুটা ভাল করেন। প্রথম ওভারে হর্ষিত রাণাকে প্রথম ওভারেই ১৩ রান মারেন দুই ওপেনার।

১৫ ওভারে ১০০ রানের পার্টনারশিপ গড়েন সাইম ও সাহেবজাদা। ১২১ রানের মাথায় প্রথম উইকেট পড়ে পাকিস্তানের। ৫৯ রান করে মানব সুথারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাইম। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের আরও এক ওপেনার সাহেবজাদাও (৬৫) আউট হয়ে যান। তারপর বল করতে আসেন রিয়ান পরাগ। দু’ওভার হাত ঘুরিয়েই পরপর নিয়ে নেন দু’উইকেট।
১৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে পাকিস্তান। এমতাবস্থায় ম্যাচের হাল ধরেন তৈয়ব। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৫২ রান।
মাত্র ৭১ বলে তৈয়ব খেলেন ১০৮ রানের ইনিংস। নিজের ইনিংস ১২টা চার ও ৪টে ছয় দিয়ে সাজান। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন রিয়ান পরাগ ও রাজবর্ধন হাঙ্গারগেকর। হর্ষিত, মানব ও নিশান্ত সিন্ধু একটা করে উইকেটে নেন।
শেষ রক্ষা যদিও হয়নি। ভারতীয় যুব দল হেরে বড় লজ্জা উপহার দিল।
এশিয়ান গেমসের ট্রায়ালে হার অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরের, যাচ্ছেন না সাক্ষী-সঙ্গীতা