
শেষ আপডেট: 15 September 2023 12:12
দ্য ওয়াল ব্যুরো: আচমকা ফোনে ভেসে উঠল, 'এমার্জেন্সি অ্যালার্ট' (Emergency alert), সেইসঙ্গে জোরে শব্দ শুরু হয়েছে, জ্বলে উঠেছে ফ্ল্যাশ লাইট! শুক্রবার এমনই মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকেই! সোশ্যাল মিডিয়ায় পোস্টও পড়তে থাকে। অনেকের মনেই প্রশ্ন, তাঁদের ফোন হ্যাক হয়ে যায়নি তো! কিন্তু ভয় পাওয়ার কোনও ব্যাপার নয়, মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট ফিচার নিয়ে পরীক্ষা করছে কেন্দ্রীয় সরকার। আর এই পরীক্ষার কারণে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী জরুরি সতর্কতা পেয়েছেন। আগেও এমন পরীক্ষা করেছে সরকার।
শুক্রবার বেলা ১২টা থেকে ১২:৪৪ মিনিটের মধ্যে দেশজুড়ে বহু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফ্ল্যাশ মেসেজ পেয়েছেন। ভারত সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রকের (Department of Telecommunication) তরফে এই স্যাম্পেল টেস্টিং মেসেজ পাঠানো হচ্ছে।
'এটি একটি স্যাম্পেল টেস্টিং মেসেজ, যা সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন দফতর। দয়া করে এই মেসেজ এড়িয়ে যান। কারণ আপনাদের কিছু করতে হবে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে পুরো ভারতে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালু করার জন্য এটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে।'
মন্ত্রকের তরফে আরও জানা গেছে, পরীক্ষামূলক এই মেসেজ বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে পাঠানো হবে। বিপর্যয়ের সময় কোনও সতর্কবার্তা পাঠানো হবে, তা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, তা দেখার জন্য এই পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: গুগল গোয়েন্দার জরিমানা! নজরদারির খেসারত সাত হাজার কোটি টাকা