
শেষ আপডেট: 2 October 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এ যেন পুজোর আগে মার্কেটিং। চন্দ্রকোণা রোড থেকে গড়বেতা যাওয়ার পথে জঙ্গলের রাস্তায় পরের পর ট্রাক দাঁড় করিয়ে শপিং সেরে নিল রামলাল ।
জঙ্গল এলাকায় তাঁর নিত্য আনাগোনা। তার উৎপাতে অতিষ্ঠ হতে হয় হামেশাই। তবুও জঙ্গলমহলের মানুষ আদর করেই এই হাতির নাম রেখেছেন রামলাল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পার্শ্ববর্তী জঙ্গলমহল এলাকার এই নামেই তাকে চেনেন সবাই। খিদে মেটাতে ঝাড়গ্রাম বাঁকুড়া, ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়ায় সে। কখনও রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে দেয় খাবার সংগ্রহের জন্য। কখনও ঢুকে যায় হোটেলে। খাবারের খোঁজে লোকের বাড়িতে ঢুকে পড়েছে রামলাল, এমন নজিরও রয়েছে।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
সেই রামলাল এখন পশ্চিম মেদিনীপুরে। গড়বেতা থানার অন্তর্গত ময়রাকাটার জঙ্গলে রাস্তার উপর একের পর এক ট্রাক দাঁড় করিয়ে দিল সে। খাবার-সহ বিভিন্ন জামাকাপড় ও অন্য সামগ্রী ছড়িয়ে ফেলল রাস্তায়। জঙ্গলমহলে রীতি, ট্রাক দাঁড় করিয়ে দিলেই রামলালকে খাবারদাবার দিয়ে তবেই গাড়ি নিয়ে সামনে এগোন চালক। এবারও তার ব্যতিক্রম হল না। সপ্তাহের শুরুতে সোমবার একই ছবি সামনে এল।
রামলালের শপিংয়ের ঠ্যালায় বেশ কিছুক্ষণের জন্য থমকে গেল যান চলাচল। খাবারদাবার খেয়ে তাণ্ডব চালিয়ে রামলাল ফিরে গেল জঙ্গলে। তারপর আবার চন্দ্রকোণা রোড থেকে গড়বেতা যাওয়ার পথে যান চলাচল স্বাভাবিক হয়।