
শেষ আপডেট: 6 February 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ফের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল বুনো হাতির দল। স্কুলের দেওয়াল ভেঙে সাবার করে দিল মিডডে মিলের চাল, ডাল। এলাকার সবজি, ফসল নষ্ট করেছে হাতির পাল। পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভেঙে দিয়েছে।
বনদফতর সূত্রে জানা গেছে, এই দলটিতে প্রায় ৩০ টি হাতি রয়েছে। পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলের কলমা গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা ভাঙচুর চালায়। এতে গ্রামের মাধ্যমিক পড়ুয়ারাও আতঙ্কিত। পরীক্ষার সময়ে হাতির তাণ্ডবে রাতে আলো জ্বালিয়ে রিভিশন দিতে পারছে না বলেই অভিযোগ করেছে গ্রামের পরীক্ষার্থীরা।
সোমবার রাতে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে প্রায় ৩০ টি বুনো হাতির একটি দল ঝালদার কলমা এলাকার মাহাতমারা, কোচাজারা, বাঁদুলহর এলাকায় ঢুকে পড়ে। রাতভর তাণ্ডব চালায়।
বাঁদুলহর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে মিড ডে মিলের জন্য মজুত রাখা চাল, ডাল খেয়ে নেয়। বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায়। মাহাতমারা, কোচাজারা এলাকায় সবজি, ফসল নষ্ট করে দেয় । বাড়িতে ঢুকে ধান খেয়ে, মাড়িয়ে দেয় ।
রাতভর গ্রামগুলিতে তাণ্ডব চালানোর পরে জঙ্গলে ঢুকে পড়ে হাতির দলটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরা।
এলাকাবাসীরা ক্ষতিপূরণের দাবি করেছেন। হাতির দলের উপর নজরদারি চালাতে হবে। যাতে আগামীদিনে গ্রামে হাতি না প্রবেশ করতে পারে, তার ব্যবস্থা করতে হবে বন দফতরকে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণে যাওয়ার যানবাহনের ব্যাবস্থা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা । কলমা গ্রাম পঞ্চায়েত প্রধান চৈতন বাগতি জানান, এলাকার মানুষরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে।