
শেষ আপডেট: 1 November 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হৈমন্তিকার আরাধনায় এবার অনেকটাই স্বস্তি। বিদ্যুৎ এর খরচ কমছে এবার জগদ্ধাত্রী পুজোয়। বিসর্জনে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সময়ও কমবে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এমনটাই জানাল বিদ্যুৎ দফতর।
দুর্গাপুজো নয়, বছরভর জগদ্ধাত্রী পুজোর অপেক্ষায় থাকেন চন্দননগরবাসী। হেমন্তের হালকা শীতল পরশ গায়ে মেখে মানুষ মেতে ওঠেন জগদ্ধাত্রীর আরাধনায়। জাঁকজমকে কোনও অংশেই কম নয় দুর্গাপুজোর থেকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জাও বরাবরই নজরকাড়া। সেই পুজো নিয়ে পুজো কমিটিগুলোর যেমন নানা ভাবনা থাকে, তেমন প্রশাসনেরও তৎপরতা থাকে শান্তিপূর্ণভাবে সেই পুজো পর্ব যাতে মেটে তা দেখার।
মঙ্গলবার সন্ধায় চন্দননগর রবীন্দ্রভবনে পুজো প্রস্তুতি নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, মেয়র রাম চক্রবর্তী-সহ পুর আধিকারিক ও বিদ্যুৎ-রেল-স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। এই বৈঠকের পরেই বিদ্যুৎ বণ্টন নিগমের জেনারেল ম্যানেজার কিঙ্কর সিং বলেন, “এবার জগদ্ধাত্রী পুজোয় বিদ্যুতের খরচে কিছুটা সাশ্রয় হবে। গত বছর প্রতিদিন ২৭০ টাকা প্রতি কিলো ওয়াট বিদ্যুতের খরচ ছিল। এবার সেটা ১৮৮ টাকা করা হয়েছে। এতে বারোয়ারিগুলোর বিদ্যুতের খরচ অনেকটা কম হবে।”
চন্দননগরে প্রত্যেক বারোয়ারিতে আলোর খেলা দেখা যায়। বড় বড় গেট থেকে নানা ধরনের আলোর কারসাজি থাকে। তাতে বিদ্যুৎ লাগে বেশি। বিদ্যুৎ এর দাম কমায় সেই খরচ কমবে। এছাড়া চন্দননগরে দিনে বিসর্জন ও রাতে শোভাযাত্রার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সময়ও কমানো হচ্ছে বলে তিনি জানান। একটা সময় দশমী ও একাদশীর দিন গোটা চন্দননগরে লোডশেডিং চলত। কিঙ্কর সিং বলেন, “শোভাযাত্রার রুটে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না। যে সব প্রতিমা দিনে বিসর্জন হয় সেগুলোকে বের করে গাড়িতে তোলার সময় আগে আড়াই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হত। এবার প্রতিমা বের করার সময় সংযোগ বিচ্ছিন্ন হবে আবার প্রতিমা বেরিয়ে গেলে লাইন জুড়ে দেওয়া হবে। চন্দননগরে আন্ডার গ্রাউন্ড কেবলের কাজ চলছে। আশা করা যায় আগামী বছর এই সমস্যাও থাকবে না।”
কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির চেয়ারম্যান নিমাই দাস বলেন, “আগে দু’দিন বিদ্যুৎ থাকত না। অসুবিধা হত। আমরা মানিয়ে নিতাম। এখন অনেক উন্নতি হয়েছে। এই বছর ৬২ টি বারোয়ারি শোভাযাত্রায় অংশ নেবে। ২৩২ টি লরি থাকবে। সেই শোভাযাত্রায় যাতে কোনও অসুবিধা না হয় সেটা বিদ্যুৎ দফতরকে দেখতে বলেছি।”