দ্য ওয়াল ব্যুরো : গত ১৫ মে খুলনা ও ২৬ জুন গাজিপুরে পুর নির্বাচনে বিএনপিকে হারিয়ে জয়ী হন ক্ষমতাসীন আওয়ামি লিগ প্রার্থীরা। কিন্তু ওই দুই নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেটে পুর নির্বাচন হতে চলেছে। তার আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভোটের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিদের ডেকে পাঠান। তাঁদের স্পষ্ট বলেন, ওই তিন শহরের নির্বাচন নিয়ে যেন কোনও প্রশ্ন না ওঠে।
আগারগাঁওতে নির্বাচন কমিশনের অফিসে এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দফতরের আধিকারিকদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বৈঠকে বসেন। তিনি বলেন, আর দু'মাস পরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। তার আগে তিনটি শহরের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ।
আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রশ্ন উঠেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বন্দি থাকলে তাঁর দল বিএনপি নির্বাচনে অংশ নেবে কি?
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমার আশা, তারা ভোটে অংশ নেবে।