
শেষ আপডেট: 4 March 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ১৩ জনের দলে রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। সোমবার বাংলার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।
সোমবার দফায় দফায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক রয়েছে। এদিন রাজ্যের ৮ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বেঞ্চের সদস্যরা। প্রতিটি দলকেই নিজেদের বক্তব্য জানানোর জন্য ১৫ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে ফুল বেঞ্চ।
শাসক-বিরোধী দলের অভিযোগ খতিয়ে দেখতে বৈঠক করছেন কমিশনের আধিকারিকরা। এছাড়াও ইতিমধ্যে নির্বাচন পর্ব চলাকালীন দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের কী কী করণীয় তা নিয়ে নির্দেশিকা জারি করেছে কমিশন। সেই আচরণবিধিও সোমবারের বৈঠকে বুঝিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রের খবর।
এদিন রাজ্য পুলিশের আইজি, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা সহ সমস্ত কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গেও আলাদা বৈঠক হবে। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচনী আচরণবিধি যাতে কঠোর ভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আলোচনা সারবেন কমিশনের আধিকারিকেরা।
এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১১টা থেকে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক হবে। ভোটার তালিকা থেকে রজ্যের আইনশৃঙ্খলা, জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আয়-ব্যয়ের হিসেব সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ।