
শেষ আপডেট: 17 October 2023 17:39
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার বিকেল থেকে খোঁজ মিলছে না সাউথ পয়েন্ট হাইস্কুলের অস্টম শ্রেণির এক ছাত্রীর। ছাত্রী নিখোঁজের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ এনেছে নিখোঁজ ছাত্রীর পরিবার। ইতিমধ্যে গড়িয়াহাট থানায় নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তবে ২৪ ঘণ্টা পরেও খোঁজ মেলেনি ওই ছাত্রীর।
তদন্তে নেমে স্কুল, স্কুল সংলগ্ন এবং সম্ভাব্য প্রতিটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিখোঁজ হওয়ার আগে ছাত্রীর মানসিক অবস্থা জানতে স্কুলের কোনও সহপাঠীর সঙ্গে ওই ছাত্রীর কোনও গোলমাল হয়েছিল, কিনা সেবিষয়েও নিশ্চিত হতে স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ওই ছাত্রীর সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গোটা ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিখোঁজ ছাত্রীর পরিবারের দাবি, কখনই তাঁরা ছাত্রীকে একা ছাড়তেন না। স্কুলে নিয়ে যাওয়া কিংবা নিয়ে আসার জন্য পরিবার থেকে কেউ সঙ্গে যেতেন। সোমবারও তাঁর বাবা ছাত্রীকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলেন। কিন্তু বিকেলে আনতে গিয়ে তিনি দেখেন, ছাত্রী নেই। সাম্প্রতিক কালে তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতাও দেখা যায়নি বলে পরিবারের দাবি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর চালানো হচ্ছে।